বিশেষ: মৃত্যুর ঠিক আগের মুহূর্তে চোখের সামনে কী ভেসে ওঠে? জেনেনিন কি জানালো বিশেষজ্ঞরা?

জন্ম এবং মৃত্যু – জীবনের এই দুটি অমোঘ সত্যকে ঘিরে মানুষের কৌতূহল এবং রহস্যের শেষ নেই। মৃত্যু ঠিক কেমন, মৃত্যুর পরের জীবন কেমন হয়, মৃত্যুর পর মানুষের অস্তিত্ব আদৌ থাকে কিনা – এই প্রশ্নগুলোর নিশ্চিত কোনো উত্তর আজও মেলেনি, সবকিছুই যেন ধোঁয়াশায় ঢাকা। কিন্তু মৃত্যুর ঠিক আগের সময়টা কেমন? সেই অন্তিম মুহূর্তে একজন মানুষ ঠিক কী অনুভব করেন বা কী দেখতে পান? সম্প্রতি একদল চিকিৎসক একটি গবেষণায় সেই রহস্যেরই কিছুটা উন্মোচন করেছেন বলে দাবি করেছেন।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার (British Columbia) এক দল চিকিৎসক এই বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়েছেন এবং অবশেষে একটি উত্তর পেয়েছেন বলে তারা জানাচ্ছেন। চিকিৎসকদের দাবি, তাদের গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন ব্যক্তির মস্তিষ্কে তার অতীতের জীবনের সমস্ত স্মৃতি ছবির মতো ভেসে ওঠে, ঠিক যেন পুরো জীবন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে।

ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে (Vancouver General Hospital) চিকিৎসাধীন একজন রোগীর ক্ষেত্রে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে গবেষকরা এই ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন। ওই রোগী মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তার মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (EEG) নামক একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। এই যন্ত্র মস্তিষ্কের বৈদ্যুতিক সঙ্কেত রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যবশত, ইইজি চলাকালীন সময়েই আচমকাই ওই রোগী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর এই বিরল পরিস্থিতিতে, মৃত্যুর একদম শেষ মুহূর্তে মস্তিষ্কের ভেতরে ঘটে চলা ঘটনাপ্রবাহ অপ্রত্যাশিতভাবে ইইজি যন্ত্রে ধরা পড়ে যায়।

চিকিৎসকরা জানাচ্ছেন, ইইজি যন্ত্রে এই সময়ে যে তরঙ্গ সঙ্কেতগুলো ধরা পড়েছে, সেগুলো মানুষের স্মৃতিচারণা করার সময় মস্তিষ্কে উৎপন্ন হওয়া তরঙ্গ সঙ্কেতের মতোই। এর থেকে চিকিৎসকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, মৃত্যুর একেবারে শেষ সময়ে মস্তিষ্কের শেষ কাজ হলো জীবনের সমস্ত সুন্দর স্মৃতিগুলোকে পুনরায় ফিরিয়ে আনা। মস্তিষ্কের এই কার্যকলাপ যেন জীবনের ইতি টানার আগে সমস্ত অভিজ্ঞতার একটি দ্রুত পুনর্বিবেচনা।

এই গবেষণাটি মৃত্যুর পূর্ব মুহূর্ত নিয়ে চলে আসা রহস্যে নতুন আলোকপাত করেছে এবং প্রমাণ করেছে যে, জীবনাবসানের ঠিক আগে মানুষের মস্তিষ্কে সত্যিই কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যার মধ্যে জীবনের স্মৃতিচারণা অন্যতম।