কাজ করবে না কোনও সিগন্যাল-নেটওয়ার্ক! পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের ওপর কঠোর ভারত

পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিল ভারত। নয়াদিল্লি এবার পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পশ্চিম সীমান্তে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি জ্যামিং সিস্টেম এবং ভারতের তিন প্রতিরক্ষা বাহিনীও পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।

কেন্দ্রের তরফে বুধবার একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতের আকাশসীমায় আর পাকিস্তানের কোনো বিমান চলাচল করতে পারবে না। পহেলগাঁও হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। অতীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ করেছিল, এবার নয়াদিল্লিও পাল্টা জবাব দিল।

কূটনৈতিক চাপের পাশাপাশি এবার সামরিক কৌশলের পথেও হেঁটেছে ভারত। পশ্চিম সীমান্তে ভারত মোতায়েন করেছে অত্যাধুনিক জ্যামিং সিস্টেম। এই জ্যামার সিস্টেমের প্রধান লক্ষ্য হলো পাকিস্তানের সামরিক প্রযুক্তি নির্ভরতা ভেঙে দেওয়া। সূত্র বলছে, এই জ্যামার একযোগে জিপিএস (যুক্তরাষ্ট্র), গ্লোনাস (রাশিয়া) ও বেইদৌ (চিন)-সহ একাধিক উপগ্রহ-নির্ভর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-এর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সংযোগ ব্যাহত করতে পারে। জ্যামার মূলত শক্তিশালী রেডিও সিগন্যাল নির্গত করে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোনের মতো নির্দিষ্ট যন্ত্রে পাঠানো জিএনএসএস তথ্যকে বিকৃত বা বিঘ্নিত করে দেয়। এর ফলে শত্রুপক্ষের টার্গেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করে না এবং রিয়েল-টাইম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ব্যাহত হয়।

এদিকে, পহেলগাঁওয়ে গণহত্যার পাল্টা অ্যাকশনে নামতে ইতিমধ্যেই প্রস্তুত ভারতের তিন প্রতিরক্ষা বাহিনী। গুজরাতের উপকূলবর্তী এলাকায় আগামী ৩ মে পর্যন্ত কড়া সতর্কতা জারি করা হয়েছে। একদিকে সামরিক বদলার প্রস্তুতি, আরেকদিকে ‘ওয়াটার স্ট্রাইক’ বা জল দিয়ে পাকিস্তানকে জব্দ করার কৌশলও নিয়েছে ভারত। খবর সূত্রের খবর, এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের বিজেপি সভাপতি সি.আর. পাতিলের মধ্যে বৈঠকও হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, পাকিস্তান যেন কোনমতেই জল না পায়।

পহেলগাঁও হামলায় পাকিস্তানকে জবাব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ণ স্বাধীনতার পরই সেনাবাহিনী ‘অল আউট অ্যাকশনে’র জন্য প্রস্তুত হয়েছে। রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে সেনার মহড়া চলছে, যেখানে প্যারা-SF কমান্ডো নামানো হয়েছে এবং থর মরুভূমিতে নামানো হয়েছে ট্যাঙ্ক। আরব সাগরে মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমানবাহী রণতরী INS বিক্রান্ত। আকাশপথে রাফাল, সুখোই, মিরাজ ফাইটার প্লেনের শক্তি প্রদর্শনও চলছে।

সব মিলিয়ে পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একযোগে কূটনৈতিক, সামরিক এবং সম্ভাব্য জলসম্পদ সংক্রান্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, নয়াদিল্লি এবার কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় এবং কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।