‘মুখ্যমন্ত্রী দিঘায় জলসায় ব্যস্ত’, বড়বাজার অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যকে তিব্র নিশানা শুভেন্দুর !

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং তাতে ১৪ জনের প্রাণহানি নিয়ে এবার রাজ্য সরকারকে তীব্র নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের একটি হোটেলে আগুন লেগেছিল। এই ঘটনা যখন ঘটে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যস্ত ছিলেন। এই আবহে দমকল, পুলিশ এবং শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রাণ নিয়ে উদাসীনতার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।
গত মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের একটি ছয় তলা হোটেলে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক খবর অনুযায়ী, প্রাণ বাঁচাতে গিয়ে এক ব্যক্তি বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান। পরবর্তীতে উদ্ধারকাজের পর জানা যায়, হোটেলের বিভিন্ন ঘরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই ভয়াবহ ঘটনাটি যখন ঘটে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে যোগ দিতে ব্যস্ত ছিলেন। তিনি সোমবার দিঘা যান এবং বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা ছিল।
বুধবার কলকাতায় বসে এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, ‘কলকাতাকে জতুগৃহে রূপান্তরিত করে মুখ্যমন্ত্রী এবং তাঁর গোটা সরকার দিঘায় ছুটি কাটাতে চলে গিয়েছিল। ওরা সেখানে জলসা নিয়ে ব্যস্ত ছিল।’ তিনি দমকল, পুলিশ এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা তুলতে ব্যস্ত থাকার অভিযোগ তোলেন এবং বলেন, সাধারণ মানুষের প্রাণ থাকল নাকি গেল, সেটা নিয়ে কেউ ভাবিত নয়।
অগ্নিকাণ্ডের পর উদ্ধারকার্য নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, দমকলের কাছে আধুনিক হাইড্রোলিক ল্যাডার ছিল না। যদি দ্রুত উদ্ধারকাজ শুরু করা যেত, তাহলে প্রাণহানির সংখ্যা অনেক কমানো যেত বলে তিনি মনে করেন।
রাজ্যের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে সরকারের উদাসীনতা প্রমাণ করতে বিগত ১৫ বছরের তৃণমূল শাসনকালে কলকাতার অগ্নিকাণ্ডের ইতিহাস তুলে ধরেন বিরোধী দলনেতা। তিনি বলেন, এই সময়ে শহর কলকাতায় অন্তত ৮টি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলি থেকে পরিষ্কার যে, অগ্নি নির্বাপণ নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই। তাঁর কথায়, ‘কলকাতাকে এরা জতুগৃহে রূপান্তরিত করেছে।’
বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তাতে বহু মানুষের মৃত্যু রাজ্যের অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বাগযুদ্ধ। বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।