স্ত্রীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা, সন্তানদের নিয়ে পালালেন স্বামী

রেলস্টেশনে প্ল্যাটফর্মে ঘুমন্ত স্ত্রীকে তুলে চলন্ত ট্রেনের সামনে ফেলে দুই সন্তান নিয়ে পালিয়েছেন তার স্বামী। এতে ঐ নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে একটি রেলস্টেশনে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।
এদিকে, মুম্বাইয়ের কাছে ভাসাই রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরায় মর্মান্তিক ই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সোমবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ জানায়।
সংবাদমাধ্যম বলছে, ভাসাই রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এ ভয়াবহ ঘটনাটি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি প্ল্যাটফর্মে তার ঘুমন্ত স্ত্রীকে আধা ঘুম থেকে তুলে রেল লাইনে ঠেলে ফেলে দিলেন! পেছন দিক থেকে তখন জোরালো বেগে ছুটে আসছে ট্রেন। মূলত ট্রেনের সামনে ধাক্কা মেরে নিজের স্ত্রীকে ফেলে দেন স্বামী। তারপর নিজের দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত ঐ ব্যক্তি।
ভাসাই পুলিশ জানায়, ভয়াবহ ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪টায়। রোববার বিকেল থেকেই ঐ দম্পতি তাদের সন্তানদের নিয়ে পাঁচ নম্বর প্লাটফর্মে বসে ছিলেন। ভোর ৪টায় ঐ ব্যক্তি তার ঘুমন্ত স্ত্রীকে তুলে নিয়ে আওয়াধ এক্সপ্রেসের সামনে ধাক্কা মেরে ফেলে দেন।
ভাসাই রেল পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে হত্যা করার পর প্রথমে দাদরে যায় এবং তারপর সেখান থেকে কল্যাণে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজের সাহায্যে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত ঐ নারী বা তার স্বামীর বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।