‘মজা তো শুধু তোমারই ছিল’ : সারার প্রতি প্রিয় মানুষের মন্তব্য

বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম একজন সারা আলী খান। বাবা সাইফ আলী খান বলিউডের নামকরা অভিনেতা হলেও নিজের ক্যারিয়ার নিয়ে বেশ পরিশ্রমই করতে হচ্ছে এই অভিনেত্রীকে। তবে পরিশ্রম তাঁর কাছে নতুন কিছু নয়। একটা সময় সারা আলি খানের ওজন ছিল ৯২ কেজি! কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণ করতে ফ্যাট থেকে ফ্যাব হয়ে উঠেছেন সাইফ কন্যা।

করেছেন বাঁধভাঙা পরিশ্রম। সারাকে এখন দেখলে বিশ্বাসই হবে না যে বছর কয়েক আগে এই মেয়ে অতিরিক্ত স্বাস্থ্যবান ছিল। নিজের চেহারা ধরে রাখতে প্রতিদিন জিমে ঘাম ঝরান সারা। কখনো যোগব্যায়াম, কখনো পিলাটে, কখনো ওয়েট ট্রেনিং আবার কখনো কার্ডিও করেন তিনি। নিজেকে ব্যস্ত রাখেন ফিটনেস ধরে রাখার মিশনে।

ওয়ার্ক আউটের প্রতি সারার যে নিষ্ঠা, সেটা অনেককেই অনুপ্রাণিত করে। এবার নিজের ফিটনেস রুটিনে বক্সিংও জুড়ে ফেলেলন সারা। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ‘আতরঙ্গি রে’ অভিনেত্রীর নতুন ভিডিও, সেখানে নিজের ট্রেইনারের সঙ্গে বক্সিং প্র্যাক্টিস করতে দেখা গেছে সারাকে।

ইনস্টাগ্রামে নিজের এই বক্সিং সেশনের ভিডিও শেয়ার করে সারা লেখেন, ‘ফানডে’। ভিডিওতে দেখা যায়, কালো রঙের ক্রীড়া অন্তর্বাস পড়া সারা হাতের লাল গ্লাভসের একের পর এক পাঞ্চ কোচ সিদ্ধার্থ ভার্গবের দিকে ছুড়ে দিচ্ছেন। তবে সারার ঘুষি যে খুব বেশি পছন্দ হয়নি কোচের, তা স্পষ্ট করলেন তিনি। ঠাট্রা করে তিনি সেই পোস্টে লেখেন, ‘মজা তো শুধু তোমারই ছিল, আমি তো শুধু মারই খেলাম’! সারার সেই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই মুহূর্তে সারার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। বিক্রান্ত মেসি ও চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় দেখা যাবে তাঁকে। ভিকি কৌশলের সঙ্গেও একটি সিনেমার শ্যুটিং শেষ করেছেন সারা। এখনও ঠিক হয়নি সেই সিনেমার নাম।