Weather: বাংলাজুড়ে চলবে দিনভর প্রবল ঝড়বৃষ্টি, জেনেনিন আর কতদিন থাকবে এমন আবহাওয়া?

বৈশাখের মাঝামাঝিতে এসে অবশেষে গরমের দহনজ্বালা থেকে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে অনেকটাই নেমেছে পারদ, বইছে ঠান্ডা মনোরম হাওয়া। এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে বলেই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ, মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে মৌসম ভবন, সঙ্গে ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ ২৯শে এপ্রিল মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলাতেই ঝড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ— দুই প্রান্তেই ঝড়বৃষ্টির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, নেই তাপপ্রবাহ
আশার কথা হলো, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী ৭ দিন আবহাওয়া মনোরম থাকবে।
আজ দিনভর দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ওইসব এলাকায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সর্তক করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দুই দিনাজপুর (উত্তর ও দক্ষিণ দিনাজপুর), মালদা সর্বত্রই ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতার তাপমাত্রাও আজ থেকে অনেকটাই কম থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আজ দিনভর শহরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সব মিলিয়ে, বৈশাখের মাঝে আবহাওয়ার এই পরিবর্তন বঙ্গবাসীকে স্বস্তি এনে দিলেও, রাজ্যজুড়ে জারি থাকা ঝড়বৃষ্টির সতর্কতা মাথায় রেখে সকলকে সতর্ক থাকতে হবে। আগামী কয়েকদিন এই মনোরম আবহাওয়া উপভোগ করা যাবে।