নিয়ন্ত্রণ হারিয়ে ‘কুয়োয়’ পড়ল যাত্রীবাহী ভ্যান, মৃত অত্যন্ত ১২, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর !

মধ্যপ্রদেশের মান্দাসোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি যাত্রীবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে এবং তারপর রাস্তার পাশের একটি বিষাক্ত কুয়োয় উল্টে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি রবিবার মান্দাসোরে ঘটেছে। ডিআইজি মনোজ সিং জানিয়েছেন, যাত্রীবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারার পর সেটি পাশে থাকা একটি কুয়োয় পড়ে যায়। ভ্যানে মোট ১৪ জন যাত্রী ছিলেন। কুয়োর জলে ডুবে এবং কুয়োর মধ্যে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে গাড়ির ভেতরেই যাত্রীদের মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় বাইক আরোহীরও মৃত্যু হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, স্থানীয় এক বাসিন্দা সাহসিকতার সঙ্গে যাত্রীদের উদ্ধার করতে কুয়োয় নেমেছিলেন, কিন্তু কুয়োর বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাঁরও মৃত্যু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্যানের ১০ জন যাত্রী, বাইক আরোহী এবং ওই স্থানীয় বাসিন্দা সহ মোট ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দিনভর এই উদ্ধারকাজ চলে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভ্যানটি সম্ভবত অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব গতকালই গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মান্দাসোরের এই দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।