কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডল, ১ ঘন্টা ৪০ মিনিটের পরীক্ষা নিরীক্ষা

সম্প্রতি গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। আজ, সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। টানা ১ ঘন্টা ৪০ মিনিটের পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে নিয়ে হাসপাতাল থেকে বেরোলেন সিবিআইয়ের আধিকারিকরা।

অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে। সেখানে ৩০ মিনিটের রেস্ট দেওয়ার পরই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করবে তদন্তকারী অফিসাররা। এমনটাই সূত্রের খবর। জানা গেছে, আজ অনুব্রতের চেস্ট এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, সিবিআই এবার অনুমান করছে গরু পাচারের টাকা নাম ও বেনামে রাখা হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের একাউন্টে। আর এবার তাদের স্ক্যানারে উঠে আসলো সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭ টি ব্যাঙ্কের ১৮ টি একাউন্ট।

এই একাউন্ট গুলি অধিকাংশই খোলা হয়েছে তৃণমূলের বীরভূম জেলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নামে। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী সিবিআইয়ের তালিকায় রয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল সহ তার বেশ কিছু ঘনিষ্ট আত্মীয়ের একাউন্টও।