বুধবার অক্ষয় তৃতীয়া ! শুভ কাজ ও সমৃদ্ধি লাভের জন্য কি করবেন? জেনেনিন বিস্তারে

আর একদিন পরেই পালিত হতে চলেছে অন্যতম পবিত্র দিন অক্ষয় তৃতীয়া। আগামী ৩০ এপ্রিল অর্থাৎ বুধবার এই তিথি। এই দিনটি যে কোনও ধরনের শুভ ও নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। ‘অক্ষয়’ শব্দের আক্ষরিক অর্থ হল যা অটুট বা অক্ষত, যার কোনও ক্ষয় নেই। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়ায় শুরু করা যে কোনও কাজ দীর্ঘস্থায়ী হয় এবং তাতে সাফল্য লাভ করা যায়।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে, এই পুণ্য তিথিতেই ধনদেবতা কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। তাই এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলে মনে করা হয়।

জ্যোতিষী রাহুল দে (ETV Bharat) এই দিনের গুরুত্ব এবং করণীয় সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মী, গণেশ এবং ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ। সম্ভব হলে এদিন সকালে গঙ্গাস্নান করা ভালো। বাড়ির পরিবেশ পবিত্র রাখতে ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এছাড়া সন্ধ্যাবেলা বাড়ির প্রধান দরজায় তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত।

ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী প্রতিষ্ঠা করা খুব শুভ বলে মনে করেন জ্যোতিষী রাহুল দে। এছাড়াও, এই দিনে নিজের সামর্থ্য অনুযায়ী সোনা বা রুপোর কোনও জিনিস কিনলে ঘরে সুখ সমৃদ্ধি অক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। পারিবারিক কল্যাণ নিশ্চিত করতে অক্ষয় তৃতীয়ার দিনে দুস্থ ও অভাবী মানুষকে সামর্থ্য অনুযায়ী কিছু দান করার পরামর্শও দিয়েছেন তিনি।

জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার আরও কিছু সহজ টোটকার উল্লেখ রয়েছে। এই দিনে বাড়িতে আমপাতার মালা তৈরি করে দরজায় ঝুলিয়ে দেওয়া খুব ভালো ফল দেয়। অবশ্যই স্নান সেরে পবিত্র হয়ে এই কাজটি করুন। বাড়ির প্রধান দরজায় তো বটেই, সম্ভব হলে প্রত্যেকটি দরজায় এই মালা ঝোলালে শুভ শক্তি গৃহে প্রবেশ করে এবং অশুভ শক্তি দূর হয়।

জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য হল যে অক্ষয় মানে যা কখনও ক্ষয় হয় না, আর তৃতীয়া হল চন্দ্র চক্রের তৃতীয় তিথি। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত অনুকূল থাকে। বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ায় যে কোনও ভালো কাজ, বিনিয়োগ বা নতুন উদ্যোগ শুরু করলে তার ফল অত্যন্ত শুভ হয় এবং তা দীর্ঘস্থায়ী হয়। নতুন ব্যবসা শুরু করার জন্য এই দিনটি বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই পবিত্র তিথিতে সূর্য ও চন্দ্র উভয়েই নিজ উচ্চ রাশিতে অবস্থান করে, যা এক ঐশ্বরিক যোগ তৈরি করে। এই ঐশ্বরিক সংযোগ সাফল্য, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত উপকারী।

সুতরাং, অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে শাস্ত্রসম্মত নিয়ম মেনে চললে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব।