“সব ফাঁস করে দেব…,”-পাকিস্তানি হয়েও ভারতে থাকা প্রসঙ্গে যা বললেন গায়ক আদনান সামি

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই একটি ভিন্ন ইস্যুতে বিবাদে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন এবং বর্তমানে ভারতের নাগরিক ও জনপ্রিয় গায়ক আদনান সামি। ভারত সরকার কর্তৃক পাক নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ জারির পর ফাওয়াদ হুসেন আদনান সামিকে নিয়ে প্রশ্ন তুললে এই বিবাদের সূত্রপাত হয়, যা সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধে রূপ নেয়।

পেহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন যে, যারা পাকিস্তানের নাগরিক, তাদের যেন ২৬ এপ্রিলের মধ্যে এই দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। যাদের কাছে চিকিৎসার জন্য বৈধ ভিসা রয়েছে, তারা ২৯ এপ্রিল পর্যন্ত সময় পাবেন। এই নির্দেশের পর থেকেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন আদনান সামিকে ট্যাগ করে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রশ্ন করেন, তাহলে আদনান সামি কী করবেন?

প্রাক্তন পাক মন্ত্রীর এই মন্তব্যের কড়া জবাব দিতে দেরি করেননি আদনান সামি। তিনি ফাওয়াদ হুসেনকে সরাসরি ‘অশিক্ষিত বোকা’ বলে অভিহিত করেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, তিনি ২০১৬ সাল থেকেই ভারতের নাগরিক। আদনান পাল্টা লেখেন, “এই অশিক্ষিত বোকাকে কে বলবে এটা?”

তবে এই বাকযুদ্ধ এখানেই শেষ হয়নি। ফাওয়াদ হুসেন পাল্টা দাবি করেন যে আদনান সামি লাহোরে থাকেন। ফাওয়াদ হুসেনের এই ভুল তথ্যে আদনানের রাগ আরও বেড়ে যায়। তিনি প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করে শুধরে দিয়ে বলেন যে, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা সত্ত্বেও তিনি ভুল তথ্য পরিবেশন করছেন; আদনান লাহোরের নয়, পেশোয়ার শহরের বাসিন্দা।

এই মুহূর্তে এই বিবাদ সামনে এলেও, আদনান সামি দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করে আসছেন। ২০২২ সালে তিনি সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পাকিস্তানের নিন্দা করেন এবং কেন তিনি ভারতকে ভালোবাসেন তা ব্যাখ্যা করেন। আদনান লিখেছিলেন যে, মানুষ তাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন তিনি পাকিস্তানকে পছন্দ করেন না। এর জবাবে তিনি বলেন, পাকিস্তানের যেসব মানুষ তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের উপর তার কোনো রাগ নেই। তিনি তার সমস্ত ভক্তদের ভালোবাসেন। কিন্তু তার আসল সমস্যা হলো পাকিস্তান সরকারকে নিয়ে।

পাকিস্তান সরকারের প্রতি তার এত রাগের কারণ কী, সে বিষয়ে তিনি লিখেছিলেন, “একদিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।” যারা তাকে চেনেন, তারা জানেন পাকিস্তান সরকার তার সঙ্গে কী করেছে এবং এই কারণেই তিনি পাকিস্তান ছেড়ে ভারতে চলে এসেছেন বলে তিনি বারবার উল্লেখ করেছেন।

২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর থেকে আদনান সামি তার পরিবার নিয়ে মুম্বাইতে থাকেন। এক পুরনো সাক্ষাৎকারে আদনান জানিয়েছিলেন, ভারতীয় নাগরিকত্ব পেতে তাকে ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে এবং এই সময়ে তিনি দেড় বছর দেশছাড়া ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক এটাও জানিয়েছিলেন যে, পাকিস্তানে তার প্রাণের ঝুঁকি ছিল।

পহেলগাম হামলার জেরে তৈরি হওয়া ভারত-পাক উত্তেজনার মধ্যে দুই দেশের এই দুই পরিচিত মুখের বিবাদ নতুন করে আলোচনায় এসেছে এবং আদনান সামির পাকিস্তান সরকার নিয়ে পুরনো ক্ষোভ আবারও সামনে চলে এসেছে।