“শুধু অন্তর্বাস পরে আমার সামনে বসো”-অভিনেত্রীকে বলেছিলেন সাজিদ খান

২০১৮ সালের ‘মি টু’ (MeToo) আন্দোলনের সময় বলিউডের খ্যাতনামা পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছিলেন। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হলো ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী নবীনা বোলের নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাজিদ খানের সঙ্গে তার সেই পুরনো, অত্যন্ত অস্বস্তিকর এবং অপ্রত্যাশিত সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নবীনা, যা নতুন করে শোরগোল ফেলেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে যখন ভারতে ‘মি টু’ আন্দোলন জোরদার হয়েছিল, তখন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিনেত্রী রেচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনী চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায় সহ একাধিক মহিলা যৌন হেনস্থা এবং আপত্তিকর আচরণের অভিযোগ এনেছিলেন। সেই সময় এই অভিযোগগুলির ভিত্তিতে সাজিদ খানকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA)-এর সদস্যপদ থেকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল।

এবার ছোট পর্দার পরিচিত মুখ নবীনা বোলে সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। অভিনেত্রীর দাবি, পরিচালক সাজিদ খান তাকে একটি প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ডেকেছিলেন। সাজিদের কাছ থেকে এমন ডাক পেয়ে নবীনা যথেষ্ট উত্তেজিত হয়েছিলেন এবং পেশাগত আলোচনার প্রত্যাশা নিয়েই তার অফিসে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে তার যে অভিজ্ঞতা হয়েছিল, নবীনার ভাষায় সেটি ছিল সম্পূর্ণভাবে ‘অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য’!

নবীনা সেই ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, “এমন এক ভয়ংকর মানুষ আছেন, যার নাম সাজিদ খান, যাকে আমি কখনওই আমার জীবনে আর সাক্ষাৎ করতে চাই না।” তার অফিসে পৌঁছানোর পর সাজিদ নাকি আচমকা, সরাসরি তাকে বলেন, “জামাকাপড় খুলে স্রেফ অন্তর্বাস পরে আমার সামনে বসো। আমি দেখতে চাই কীভাবে তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।” নবীনা উল্লেখ করেছেন যে, এই ঘটনাটি ঘটেছিল ২০০৪ বা ২০০৬ সালের দিকে।

নবীনা জানিয়েছেন, এমন কথা শুনে তিনি একেবারে চমকে উঠেছিলেন এবং কী উত্তর দেবেন তা বুঝতে পারছিলেন না। তার এই প্রতিক্রিয়া দেখে সাজিদ নাকি বলেছিলেন, “কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?” এখানেই থেমে থাকেননি সাজিদ, তিনি নাকি এরপর নবীনার বক্ষ এবং নিতম্ব নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

অভিনেত্রী বুদ্ধি করে সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে উত্তর দেন, “যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। আমার অস্বস্তি হচ্ছে।” এই কথা বলে কোনোমতে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। নবীনার অভিযোগ, সেদিন এরপর সাজিদ তাকে অন্তত ৫০ বার ফোন করে খোঁজ নিয়েছিলেন তিনি কোথায় আছেন এবং কেন ফিরে আসছেন না ইত্যাদি জিজ্ঞাসা করে।

প্রসঙ্গত, নবীনা বোলে হিন্দি টেলিভিশনের একজন পরিচিত মুখ। ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা…বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শক মহলে পরিচিতি লাভ করেছেন।

(Disclaimer: এটি অভিনেত্রী নবীনা বোলের অভিযোগ। এই প্রতিবেদনটি অভিনেত্রীর বক্তব্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সাজিদ খানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এটি তদন্তাধীন বিষয়।)