“বিস্ফোরণে ভেঙে পড়লো কংক্রিটের দেওয়াল”-বীরভূমে বিস্ফোরণে ধুলিসাৎ গোটা বাড়ি, তদন্তে নামলো পুলিশ

আবারও বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো বীরভূম জেলায়। ঘটনাটি ঘটেছে জেলার সাঁইথিয়া থানার দক্ষিণসিজা গ্রামে। গ্রামের শেখ সুরুজ নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বোমা বিস্ফোরণের তীব্র আওয়াজে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, শেখ সুরুজের বাড়ির একটি কংক্রিটের দেওয়াল কার্যত ভেঙে পড়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
যদিও যাঁদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই শেখ সুরুজ এবং তার পরিবারের সদস্যদের দাবি, তাঁরা সকলেই ভোরবেলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই এই বিস্ফোরণের আওয়াজ পান তাঁরা। তাঁদের দাবি, কেউ বা কারা বাইরে থেকে বোমা রেখে দিয়ে গিয়েছেন অথবা বোমার ছুঁড়ে হামলা (“অ্যাটাক”) করেছেন। তবে এই বিস্ফোরণের নেপথ্যে অ্যাটাক করাই উদ্দেশ্য ছিল নাকি বাড়িতে বোমা মজুত করা ছিল, এই সব কিছুর পিছনে আসল উদ্দেশ্য কী, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণসিজা গ্রাম জুড়ে।