“১৩০টি পরমাণু বোমা শুধুমাত্র ভারতের জন্যই রেডি”-সরাসরি যুদ্ধের হুমকি পাক রেলমন্ত্রীর

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের উদ্বেগ স্পষ্ট।এই পরিস্থিতিতে চাপের মুখে পড়েছে ইসলামাবাদ এবং এরপরেই পাকিস্তানের একের পর এক নেতা ও মন্ত্রীরা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং হুমকি মূলক মন্তব্য করতে শুরু করেছেন, যা তাদের উদ্বেগের স্পষ্ট ইঙ্গিত। এবার পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের বিরুদ্ধে সরাসরি পরমাণু হামলার হুমকি দিয়েছেন।

রাওয়ালপিণ্ডিতে এক প্রেস কনফারেন্সে হানিফ আব্বাসি চরম আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘ভারত যদি পাকিস্তানের জল আটকানোর চেষ্টা করে, সেক্ষেত্রে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তিনি স্পষ্ট হুমকি দেন, ‘আমাদের সমস্ত মিসাইলের টার্গেট ভারতের দিকে। যদি ভারত কোনো দুঃসাহস দেখায়, তার ফল ভুগতে হবে।’

নিজের পারমাণবিক শক্তি নিয়ে আস্ফালন করে আব্বাসি বলেন, ‘আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে। গৌরি, শাহিন, গজনভি-র মতো মিসাইল এবং ১৩০টি পারমাণবিক বোমা শুধুমাত্র ভারতের জন্যই রেডি করে রাখা হয়েছে।’ তিনি আরও জানান যে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি পাকিস্তানের সীমান্ত রক্ষার জন্যও সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রেলমন্ত্রী হানিফ আব্বাসি আরও দাবি করেন যে পহেলগাঁও হামলা আসলে শুধু একটি অজুহাত মাত্র, ভারতের আসল লক্ষ্য হল সিন্ধু জল চুক্তি। তিনি জানান, পাকিস্তানি সেনা যখন প্রয়োজন মনে করবে, তখন রেলওয়ের সুবিধা ব্যবহার করতে পারবে এবং পাকিস্তান রেলওয়ে সেনার সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হন বলে খবরে প্রকাশ। এই হামলার দায় স্বীকার করে ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’, যা লস্কর-ই-তইবা-র একটি শাখা সংগঠন। এরপর থেকেই ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ভারতের এই কড়া পদক্ষেপের পর পাকিস্তানে উদ্বেগ বেড়েছে। এর জেরেই প্রতিবেশী দেশটির নেতারা একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন।

বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। সীমান্ত অঞ্চলেও নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের উদ্বেগ স্পষ্ট। আর সেই উত্তেজনার আবহেই পাকিস্তানের রেলমন্ত্রীর পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো গুরুতর হুমকি উঠে এল।