“পাকড়াও ১৭৫ সন্দেহভাজন”-জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী উপত্যকা জুড়ে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। এই হামলার মূল চক্রীদের পাশাপাশি তাদের মদতদাতাদের চিহ্নিত করে নির্মূল করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।

পুলিশ সূত্রে খবর, গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ের বাইসরান এলাকায় সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি নাগরিক নিহত হওয়ার পর পরই নিরাপত্তা বাহিনী নড়েচড়ে বসে। অনন্তনাগ জেলাজুড়ে বিভিন্ন এলাকায় বিশাল আকারের ঘেরাও ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই অভিযান থেকে এখন পর্যন্ত প্রায় ১৭৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গোটা কাশ্মীর উপত্যকায় হাই অ্যালার্ট জারি রয়েছে।

পুলিশ এবং সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে শুধুমাত্র হামলাকারী সন্ত্রাসীদেরই নয়, যারা তাদের আশ্রয় দিচ্ছে বা অন্যান্যভাবে সাহায্য করছে, এমন সন্দেহভাজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW)-দেরও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্কটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

অনন্তনাগ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পূর্ণভাবে নির্মূল করতে এবং জেলার নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে এই চিরুনি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শান্তি বজায় রাখতে এবং অশান্তির যে কোনও প্রচেষ্টা ব্যর্থ করতে পুলিশ বদ্ধপরিকর। সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে, যে কোনও সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটবর্তী থানায় দ্রুত জানানোর জন্য। নিরাপত্তা আরও জোরদার করতে সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত মোবাইল চেকপোস্ট বসানো হয়েছে।

পেহেলগাঁও হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী বিশেষ করে বনাঞ্চলে তাদের তল্লাশি ও অ্যামবুশ অভিযান অনেক বাড়িয়েছে। কাশ্মীরের পাশাপাশি জম্মু অঞ্চলের রাজৌরি-পুঞ্চ সেক্টরেও নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর সফরে এসে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রচেষ্টা সম্পর্কে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।

উপত্যকায় শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর এই ব্যাপক অভিযান পুরোদমে অব্যাহত রয়েছে।