বৃষ্টি-ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম! লাচেন ও লাচুংয়ে আটকে হাজেরেরও বেশি পর্যটক

প্রবল বর্ষণ আর আকস্মিক ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। যার ফলে লাচেন ও লাচুংয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টির কারণে চুংথাং থেকে লাচেনগামী পথে মুন্সেথাংয়ের কাছে এবং চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তাতেও বড়সড় ধস নেমেছে। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা পর্যটকদের চরম দুর্ভোগে ফেলেছে।
পরিস্থিতির অবনতি দেখে প্রশাসন শুক্রবার থেকেই উত্তর সিকিমে পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ যেন উত্তর সিকিম ভ্রমণের পরিকল্পনা না করেন। একইসঙ্গে, যারা ইতিমধ্যেই আটকে পড়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত হোটেল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই মাসের মাঝামাঝি সময় থেকেই সিকিমের আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে। প্রথমে ছাঙ্গু ও নাথুলায় ভারী তুষারপাতে বহু পর্যটক আটকে পড়েছিলেন। এরপর বিগত কয়েকদিন ধরে উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাত ও তার জেরে ব্যাপক ধস নামায় সমস্যা আরও বাড়ে। যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। যদিও সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত প্রায় দেড় হাজার পর্যটককে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
সাধারণত গ্রীষ্মের এই সময়ে উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমেও পর্যটকদের ঢল নামে। কিন্তু বিগত কয়েক বছর ধরে সিকিম বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে। এবারও যেন সেই চেনা প্রাকৃতিক ধ্বংসলীলার চিত্রই ফিরে এসেছে, যা পর্যটন শিল্পের জন্য বড় ধাক্কা।