RUSHvsUKR: ইউক্রেনে মিসাইল হামলা, এবার পুতিনকে ‘থামতে’ বললেন ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এক বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। চলতি বছরে ইউক্রেনের রাজধানীতে এটিকেই সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলা বন্ধ করার কথা বলেছেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়ার উপর অনেক চাপ সৃষ্টি করছে এবং এই হামলার প্রতি তার অসন্তোষ তিনি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প আরও জানিয়েছেন, আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি মনে করেন যে আলোচনা চলছে এবং একটি চুক্তি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন তারা।
অন্যদিকে, এই সংঘাতের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বলেছেন যে, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সঠিক দিকেই এগোচ্ছে, তবে কিছু নির্দিষ্ট বিষয় এখনও সূক্ষ্মভাবে সমন্বয় করার প্রয়োজন রয়েছে।
বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) ভোরে চালানো এই ভয়াবহ হামলায় কিয়েভের পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চলছে। হামলার পর বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া এক রাতেই প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে।
এই ভয়াবহ হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘থামতে বলা’ এবং চুক্তি নিয়ে আশাবাদের পাশাপাশি ল্যাভরভের মন্তব্যে সংঘাতের ভবিষ্যৎ নিয়ে মিশ্র ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রয়টার্স সূত্র থেকে এই খবর পাওয়া গেছে।