ইমরানের ‘গ্রাউন্ড জিরো’তে উঠে এসেছে বিএসএফের সাহসিকতা, দেখে মুগ্ধ দর্শকরা

চলচ্চিত্র নির্মাতাদের কাছে দেশপ্রেম বরাবরই একটি অত্যন্ত প্রিয় এবং সংবেদনশীল বিষয়। মনোজ কুমার, অক্ষয় কুমার কিংবা শাহরুখ খানের মতো বহু তারকা পর্দায় দেশপ্রেমের আবেগকে সফলভাবে ফুটিয়ে তুলে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এবার সেই পথেই হাঁটছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
ফারহান আখতার এবং রিতেশ সিদ্ধওয়ানির প্রযোজনায় নির্মিত এই ছবিটি একজন সীমান্তরক্ষী বাহিনী (BSF) অফিসারের জীবন অবলম্বনে তৈরি হয়েছে। ছবিতে বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ দুবের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।
ছবি এবং দেশপ্রেমের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ইমরান একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি দাবি করেন, এ ধরনের দেশাত্মবোধক ছবিতে কাজ করার আগে তিনি সবসময় বুঝে নেওয়ার চেষ্টা করেন যে “উগ্র জাতীয়তাবাদ ছবিটিকে গ্রাস করবে না তো”।
‘গ্রাউন্ড জিরো’ ছবিটি প্রসঙ্গে অভিনেতা বলেন, “‘গ্রাউন্ড জিরো’ একেবারেই বাস্তব কাহিনি নির্ভর একটি ছবি যা সীমান্তরক্ষী বাহিনী নরেন্দ্রনাথ ধর দুবের জীবন অবলম্বনে নির্মিত। ২০০১ সালে যা ঘটেছিল, সেই সত্যই আমরা নাটকীয় বিনোদনের মোড়কে তুলে ধরতে চেয়েছি।” তিনি আরও যোগ করেন, নাটক এতটাই সংবেদনশীল যে সামান্য অতিরঞ্জন ঘটলেই এর ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা মূল বার্তার আবেদন কমিয়ে দেয়।
সীমান্ত রক্ষী বাহিনীর জীবন নিয়ে ছবি তৈরির ক্ষেত্রে যে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সে বিষয়েও জোর দিয়েছেন ইমরান। তিনি বলেন, “যখন সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে ছবি তৈরি করা হয়, তখন সতর্ক তো থাকতেই হয়। সমস্ত কিছু যেন অনুপুঙ্খ হয়, সেদিকে নজর রাখা দরকার।” এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, ওই সীমান্তরক্ষী বাহিনীর পরিবারের সদস্যরাও ছবিটি দেখবেন। ফলে এই সংবেদনশীল বিষয়টিতে যথেষ্ট জ্ঞান এবং দায়িত্বশীলতা রাখা অত্যন্ত জরুরি।
আজ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘গ্রাউন্ড জিরো’ ছবির মাধ্যমে ইমরান হাশমি পর্দায় একজন দেশপ্রেমী বিএসএফ অফিসারের চরিত্রে নতুন রূপে ধরা দিয়েছেন। উগ্র জাতীয়তাবাদ এড়িয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি কতটা দর্শক মনে দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার বিষয়।