SPORTS: আইসিসি টুর্নামেন্টেও বন্ধ হবে ভারত-পাকিস্তানের লড়াই? শুরু হয়েছে নয়া জল্পনা

এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াই এখন সীমিত হয়ে পড়েছে কেবল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) টুর্নামেন্টগুলিতেই। বিশ্বজুড়ে দর্শকদের প্রবল আগ্রহের কথা মাথায় রেখে আইসিসি এবং এসিসি সাধারণত এই দুই দলকে একই গ্রুপে রাখে, আর এই ম্যাচগুলি পায় ‘হাই-ভোল্টেজ মহারণের’ তকমা।
সম্প্রতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার একটি চাপা আলোচনা চলছিল। যদিও পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ দেখা গেলেও ভারত সরকারের পক্ষ থেকে তেমন ইতিবাচক সাড়া মেলেনি। কিন্তু কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর এই দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আলোচনার কফিনে শেষ পেরেক পড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই হামলার প্রভাব পড়তে চলেছে বৈশ্বিক আসরেও দুই দলের মুখোমুখি লড়াইয়ের উপর।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ক্রিকেটেও। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে আইসিসির কাছে চিঠি দিয়ে আবেদন জানানো হতে পারে, যাতে ভবিষ্যতে কোনো বিশ্বকাপেই ভারতকে আর পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও একই বিষয়ে চিঠি দিতে পারে বিসিসিআই। এশিয়া কাপের গ্রুপ পর্বেও ভারত এবং পাকিস্তানকে যাতে আলাদা রাখা হয়, সেই বিষয়ে আবেদন জানানো হতে পারে।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই ভারতীয় ক্রিকেট বোর্ড কাজ করে। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইসিসির উপর নির্ভর করবে। এখন পরিস্থিতি কী, সেটা আইসিসি ভালো করেই জানে।” তার এই মন্তব্যে স্পষ্ট যে ক্রিকেটীয় সম্পর্ক এখন রাজনৈতিক পরিস্থিতির কাছে জিম্মি।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এরপর থেকে দুই দল কেবলমাত্র এশিয়া কাপ এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেই একে অপরের বিপক্ষে খেলেছে। ১৯৯২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। এরপর থেকে ওয়ানডে বিশ্বকাপে তারা মোট ৮ বার একে অপরের বিপক্ষে খেলেছে। ২০১৫ সাল থেকে প্রতিটি ওয়ানডে বিশ্বকাপেই ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান আট বার মুখোমুখি হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা একই গ্রুপে ছিল। তার আগে ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই দল একই গ্রুপে ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রায় প্রতি বারই ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়, শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর ব্যতিক্রম হয়নি। শেষ দু’টি এশিয়া কাপের গ্রুপ পর্বেও ভারত-পাকিস্তানকে দেখা গিয়েছে।
পহেলগাঁও হামলার পর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি যেভাবে জটিল আকার ধারণ করেছে, তাতে ভারত যদি আইসিসি ও এসিসি-কে গ্রুপ বিন্যাস পরিবর্তনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানায়, তবে ভবিষ্যতে ভারত-পাকিস্তান ম্যাচগুলি কেবল নকআউট পর্বেই দেখার সম্ভাবনা থাকবে, যা এই দুই দেশের ক্রিকেটীয় দ্বৈরথের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে।