“মিলল জঙ্গিদের সন্ধান….?”-কাশ্মীরি মহিলাই দিলেন গোপন খবর, সেনারা শুরু করেছে তল্লাশি

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর হামলাকারীদের এবং তাদের সহযোগী নেটওয়ার্ককে ধরতে জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিশেষ করে একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু অঞ্চলের কাঠুয়ায় বড় মাপের তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে পুলওয়ামা এবং বারামুলাতেও চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
কাঠুয়ার তল্লাশি অভিযান শুরু হওয়ার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। চলতি সপ্তাহের শুরুতেই এক মহিলা দাবি করেছেন যে তিনি পহেলগাঁও হামলার চার হামলাকারীকে কাঠুয়া এলাকায় দেখেছিলেন। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)-কে সঙ্গে নিয়ে এক বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ কর্তাদের মতে, পুরো এলাকাটি ঘিরে ফেলে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, কাশ্মীর উপত্যকার পুলওয়ামা এবং বারামুলাতেও চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে। বারামুলার পত্তন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট (JKNF)-এর সদস্যদের ভারত-বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার খবর ছিল। তাদের খোঁজে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এদিন পত্তনে এক বিচ্ছিন্নতাবাদী নেতার বাড়িতেও বারামুলা পুলিশ অভিযান চালায়। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তল্লাশি অভিযান পরিচালিত হয় এবং সেখান থেকে কিছু অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২শে এপ্রিল) পহেলগামের বৈসরান উপত্যকায় এক বর্বরোচিত হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF)। এই হামলার ঘটনার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে।
পহেলগাঁও হামলার পর সমগ্র কাশ্মীর উপত্যকা এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের দ্রুত খুঁজে বের করতে এবং উপত্যকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী জোরদার অভিযান চালাচ্ছে। এই অভিযান তারই অংশ।