‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে এবার নতুন লুকে ফিরছেন কপিল শর্মা

হিন্দি টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর চার নম্বর সিজন খুব শিগগিরই শুরু হচ্ছে সনি টিভির পর্দায়। আর নতুন সিজনে একদম নতুন কপিল শর্মাকে দেখবে দর্শক। আগামী মাসে শুরু হতে চলা ‘দ্য কপিল শর্মা শো’-এর চার নম্বর সিজনের প্রোমো শ্যুট হয়েছে সম্প্রতি। আর সেই শ্যুটের ঝলক নিজের টুইটারে শেয়ার করেছেন কমেডি কিং কপিল।

সেখানে কপিলকে দেখে চেনা দায়! কোথায় গেল তাঁর ফোলা গাল আর ভুঁড়ি? ওজন ঝরিয়ে একদম ছিপছিপে সুদর্শন পুরুষ কপিল। কালো রঙা টি-শার্ট আর সাদা ব্লেজারে ঝলমল করছেন কপিল, চোখে সানগ্লাস, স্পাইক করা চুল- এমন অবতারে কপিলকে দেখে ফ্যানেদের প্রশ্ন- ‘তোমার বয়স কি হঠাৎ করে কমে গেল?’ কেউ আবার বলছেন, ‘অনিল কাপুরের চবনপ্রাশ আপনি পেলেন কোথায়?’ অপর একজন লিখেছেন, ‘কম করে ১০ বছর ছোট দেখাচ্ছে কপিলকে, দুর্দান্ত’।

কপিল নিজের ট্রেন্ডি লুক শেয়ার করে লিখেছেন, ‘নতুন সিজন, নতুন লুক.. আসছে দ্য কপিল শর্মা শো’। জুন মাসে শেষ সম্প্রচারিত হয়েছে ‘দ্য কপিল শর্মা শো’এর এপিসোড। এরপর মাস কয়েকের বিরতি নিয়েছিলেন কপিল এবং তাঁর সঙ্গপাঙ্গরা। কপিল ছাড়াও এই শো-এর অংশ থাকছেন ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা, সুদেশ লাহিড়ি, ভারতী সিং, সুমনা চক্রবর্তীরা। বিচারকের আসনে থাকবেন অর্চনা পুরণ সিং। প্রোমো শ্যুটিং-এর এক্সাইটমেন্টের কথা ইনস্টাগ্রাম ভিডিয়োয় শেয়ার করেছেন অর্চনাও।

‘দ্য কপিল শর্মা শো’-এর পাশাপাশি কপিলকে খুব শিগগিরই দেখা যাবে নন্দিতা দাসের ছবি জ্বিগাটো-তে। এই ছবিতে এক্কেবারে সিরিয়াস চরিত্রে থাকছেন কপিল। নিজেকে যে ভাঙছেন কপিল, তা বারবার প্রমাণ করছেন এই কমেডিয়ান।