পহেলগাঁও হামলার পর পাল্টা আঘাত ! বন্দিপোরায় এনকাউন্টারে খতম লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার

কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গত মঙ্গলবার পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) শীর্ষ কমান্ডার আলতাফ লালি। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছিল, তারই ফলস্বরূপ এই সাফল্য বলে মনে করা হচ্ছে।

শুক্রবার ভোরে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল বন্দিপোরা এলাকায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান শুরু করে। সন্ত্রাসবাদীদের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হওয়ার পরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনীও পালটা জবাব দেয়, শুরু হয় তীব্র গুলির লড়াই।

দীর্ঘক্ষণ ধরে চলা এই এনকাউন্টারে লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লালি নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এই অভিযানের সময় দুর্ভাগ্যবশত দুই পুলিশকর্মীও আহত হয়েছেন। জানা গেছে, আহত ওই পুলিশ সদস্যরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিরাপত্তা দলের অংশ ছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

আলতাফ লালির মৃত্যু উপত্যকায় লস্কর-ই-তইবার নেটওয়ার্কের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তার মৃত্যু পহেলগাম হামলার সঙ্গে জড়িত অন্যান্য জঙ্গিদের চিহ্নিত করতেও সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সাফল্য উপত্যকায় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর মনোবলে নতুন শক্তি যোগাবে।