পাইন বন দিয়ে বেরিয়ে আসছে ২ জঙ্গি, প্রকাশ্যে এল থার্মাল ইমেজ! কি এই থার্মাল ইমেজ?

কাশ্মীরে পহেলগাঁওয়ের বৈসরণে হামলার পর জঙ্গিদের অনুপ্রবেশের নতুন ছবি সামনে এসেছে। সেনা ও গোয়েন্দারা গভীরভাবে খতিয়ে দেখছেন কীভাবে জঙ্গিরা ওই এলাকায় পৌঁছালো। এরই মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়েছে দুই সন্দেহভাজন জঙ্গির ছবি।

এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, গভীর পাইন বনের মধ্যে দিয়ে ওই দুই ব্যক্তি প্রবেশ করছে। গোয়েন্দারা এখন বিশ্লেষণ করছেন যে এই দুজনই বৈসরণের হামলায় জড়িত ছিল কিনা।

সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থার্মাল ইমেজিং ক্যামেরা বসানো হয়েছে। এমনই একটি ক্যামেরায় এই ছবিগুলি ধরা পড়েছে। থার্মাল ইমেজে দেখা যাচ্ছে, তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল রয়েছে। প্রথমে তারা পাইন গাছের আড়ালে লুকিয়ে ছিল এবং তারপর ধীরে ধীরে এগিয়ে যায়।

থার্মাল ইমেজ প্রযুক্তি বস্তুর নিজস্ব উষ্ণতা থেকে নির্গত ইনফ্রারেড বিকিরণকে ছবিতে রূপান্তরিত করে। এর ফলে গভীর অন্ধকার বা রাতেও স্পষ্টভাবে ছবি তোলা সম্ভব হয়। এই কারণেই সীমান্তের মতো স্পর্শকাতর এলাকায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। পহেলগাঁওয়ের ঘটনাতেও এই ক্যামেরাই দুই জঙ্গির সম্ভাব্য অনুপ্রবেশের ছবি তুলেছে, যা এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার বৈসরণে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যার ফলে ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন যে জঙ্গিরা কোনওভাবেই ছাড় পাবে না। সম্প্রতি পহেলগাঁওয়ের হামলার পর অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সেনার হাতে দুই জঙ্গি নিহতও হয়েছে।