সেনার চোখে ধূলো দিতে বিশেষ ‘অ্যাপ’ ব্যবহার জঙ্গিদের! কীভাবে কাজ করে সেই অ্যাপ? জেনেনিন

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলায় জঙ্গিরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল বলে মনে করছেন সেনা ও গোয়েন্দা আধিকারিকরা। দুর্গম পাইনের জঙ্গলের আড়ালে হামলা চালাতে এবং একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রাখতে জঙ্গিরা বিশেষ ধরনের এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে থাকতে পারে বলে তাদের প্রাথমিক অনুমান। বিশেষ করে ‘Alpine Quest’ নামক একটি অ্যাপের মাধ্যমে এই অপারেশন পরিচালিত হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন।
বৈসরন ভ্যালি এলাকাটি অত্যন্ত দুর্গম এবং ঘন জঙ্গলে ঢাকা। এই ধরনের জায়গায় সাধারণ মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। গোয়েন্দাদের ধারণা, এই প্রতিকূল পরিস্থিতিতে জঙ্গিরা ইন্টারনেট ছাড়াও নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার জন্য ‘Alpine Quest’-এর মতো অফলাইন কার্যক্ষমতা সম্পন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করেছিল। এই অ্যাপগুলো জিপিএস এবং আগে থেকে লোড করা ম্যাপের ওপর ভিত্তি করে কাজ করে, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই নেভিগেশন এবং সম্ভবত নিজেদের মধ্যে সীমিত বার্তা আদান-প্রদানে সহায়ক হয়।
মনে করা হচ্ছে, হামলার ২০ মিনিট ধরে চলার সময়েও জঙ্গিরা নিজেদের মধ্যে অনর্গল যোগাযোগ রেখেছিল। শুধু হামলা চালানোই নয়, জঙ্গিদের আরেকটি দল নাকি সমান্তরালভাবে পুলিশ ও সেনাবাহিনীর গতিবিধির ওপর নজর রাখছিল এবং সেই সংক্রান্ত তথ্য মূল হামলাকারী দলকে সরবরাহ করছিল। এই সমন্বয় এবং তথ্যের আদান-প্রদান সম্ভব হয়েছিল ওই বিশেষ অ্যাপ ব্যবহারের ফলেই, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। এর মাধ্যমে তারা যেকোনো সম্ভাব্য প্রত্যাঘাত আসার আগেই সতর্ক থাকতে পেরেছিল। তদন্তকারীরা এ-ও মনে করছেন যে, সাধারণ যোগাযোগের অ্যাপ ব্যবহার করলে তাদের অবস্থান বা কথোপকথনের তথ্য নিরাপত্তা বাহিনীর হাতে চলে আসার সম্ভাবনা থাকত, আর সেটা এড়াতেই জঙ্গিরা এই বিশেষ কৌশল অবলম্বন করেছে।
যদিও মানব নেটওয়ার্ক ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না, তবে প্রাথমিক তদন্তে নিরাপত্তা বাহিনীর একাংশ মনে করছে বৈসরনের মতো দুর্গম এলাকায় এত বড় মানব চেইন তৈরি করার মতো সহায়ক পরিকাঠামো বা জনসমর্থন জঙ্গিদের নেই। এই সমস্ত বিষয় এখন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন সেনা এবং গোয়েন্দা আধিকারিকরা, যাতে ভবিষ্যতে এই ধরনের হামলার কৌশল মোকাবিলা করা যায়। জঙ্গিদের প্রযুক্তি নির্ভর এই নতুন কৌশল নিরাপত্তা বাহিনীর কাছে এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।