কালবৈশাখীর ঝড়ে ঘরহারা পাখিকুল! পড়ুয়ারা বাঁধছে বাসা, পাখির ডাকে শুরু হচ্ছে পড়াশোনা

কালবৈশাখীর ঝড়ে যখন ঘরহারা পাখিকুল! ভেঙে যাওয়া তাদের ঘর বাঁধতে এবার এগিয়ে এসেছে ছোট্ট পড়ুয়ারা। জলপাইগুড়ির ময়নাগুড়ির চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয় পাখিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে এক অভিনব উদ্যোগে, যা শুধুমাত্র শিক্ষার কেন্দ্র নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। এই স্কুলে এখন শুধু ভোরের পাখিদের ডাকে ঘুম ভাঙাই নয়, সেই ডাকেই শুরু হচ্ছে পঠনপাঠনও।

প্রায় একবছর আগে শুরু হওয়া এই উদ্যোগে নতুন প্রাণ পেয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। আম, জলপাই, কাঁঠাল, জারুল, পলাশ সহ নানা গাছে সাজানো স্কুল চত্বরে যখন কালবৈশাখীর পর পড়ে থাকতে দেখা যায় ডিম আর ছানা—সেই হৃদয়বিদারক দৃশ্য শিক্ষক-শিক্ষার্থী সবার মন ভেঙেছিল। তখনই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে ভাবেন, এই বিদ্যালয়ই হবে পাখিদের নিরাপদ বাসস্থান। বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি নিয়ে পাখিদের জন্য মজবুত, নিরাপদ আশ্রয় তৈরি করার পরিকল্পনা শুরু হয়।

পাখিদের এই দুর্দশার কথা এবং তাদের জন্য কিছু করার গুরুত্ব বোঝানো হয় বিদ্যালয়ের প্রায় ১১০০ পড়ুয়াকে। পাখিদের প্রতি ভালবাসা থেকে তারা আগ্রহ নিয়ে এগিয়ে আসে। প্রাক্তন ছাত্র অজয় রায় ও অভিজিৎ রায়ের সহযোগিতায় স্থানীয় পালপাড়া থেকে আনা হয় মাটির তৈরি ঢাকনাওয়ালা বাসা। স্কুলের ১১০০ ছাত্রছাত্রীই রংতুলিতে নিজেদের হাতে যত্ন করে রাঙিয়ে তোলে সেই বাসাগুলি। এরপর দড়ি দিয়ে সেগুলো যত্ন করে স্কুল চত্বরের বিভিন্ন গাছের ডালে ডালে ঝুলিয়ে দেওয়া হয়।

প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক জানালেন, “প্রথমে ভয় ছিল পাখিরা আসবে তো? এখন দেখি প্রতিটি বাসা যেন একেকটি সংসার।” সহকারী প্রধান শিক্ষক প্রসেনজিৎ রায় বলেন, “আমরা এখন আরও ফলের গাছ লাগাচ্ছি, মিড-ডে মিলের বাড়তি ভাত, বিস্কুটও রাখি ওদের জন্য।”

আজ এই বিদ্যালয় শুধুমাত্র পুঁথিগত শিক্ষার কেন্দ্র নয়, প্রকৃতির প্রতি ভালবাসা ও সহানুভূতির এক অনন্য পাঠশালা। এখানে প্রতিদিন শিশুদের বইয়ের পাশাপাশি শেখানো হচ্ছে ভালবাসা, সহানুভূতি আর পরিবেশ রক্ষার বাস্তব পাঠ। শালিখ, চড়ুই, টিয়া, ঘুঘুর মতো নানা ধরনের পাখি এখন এই ঘরে তৈরি বাসায় দখল নিয়েছে। আর সেই টানেই প্রতিদিন শিশুরা একটু আগেই স্কুলে ছুটে আসছে পাখিদের দেখতে। পাখির ডাকেই এখন এই স্কুলের দিন শুরু হয়, যা এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। ময়নাগুড়ির এই বিদ্যালয় এখন সত্যিই পাখিদের আশ্রয় এবং শিশুদের জন্য প্রকৃতির সাথে মেশার এক সুন্দর কেন্দ্র।