“৬ বলে ৯ রান দরকার হাতে ৬ উইকেট, তবু হার!”-রাজস্থানের পরাজয়ে IPL-এ ফিক্সিংয়ের অভিযোগ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর চলতি মরশুমে ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠল। শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে রাজস্থান রয়্যালসের রুদ্ধশ্বাস হারের পরেই এই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) এক কর্তা সরাসরি ম্যাচটিতে ‘গরমিল’ থাকার অভিযোগ তুলেছেন এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর কাছে তদন্তের দাবি জানিয়েছেন।
১৯ এপ্রিল, শনিবারের সেই ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে যাবতীয় প্রশ্ন। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস রাজস্থানের সামনে ১৮২ রানের লক্ষ্য রাখে। রান তাড়া করতে নেমে একটা সময় রাজস্থানের জয় প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল। শেষ ওভারে তাদের জয়ের জন্য মাত্র ৯ রান দরকার ছিল এবং হাতে ছিল ৬ উইকেট। সবাই ধরেই নিয়েছিলেন যে রাজস্থান সহজেই ম্যাচ জিতে যাবে।
কিন্তু ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে হঠাৎই ম্যাচের মোড় ঘুরে যায়। লখনউয়ের বোলার আভেশ খান শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন এবং রাজস্থান রয়্যালস লক্ষ্য থেকে ২ রান দূরে থেমে যায়, অর্থাৎ ২ রানে হেরে যায়। এই আকষ্মিক এবং অপ্রত্যাশিত হারের পরেই সমালোচকদের একাংশ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে শুরু করেন।
এই অভিযোগকারীদের মধ্যে অন্যতম হলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। তিনি রীতিমতো সন্দেহ প্রকাশ করে বলেন, “ম্যাচে নিশ্চই কোনও গরমিল রয়েছে।” তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “নিজের ঘরের মাঠে ওরা এভাবে কীভাবে হেরে গেল?”
জয়দীপ বিহানি এখানেই থেমে থাকেননি। তিনি মনে করিয়ে দেন যে, ২০১৩ সালের শুরুতে রাজস্থানের কয়েকজন প্লেয়ারের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ফলে দলের ইতিহাস যে একেবারে কলঙ্কহীন, সেটাও বলা চলে না, এমনটাই তাঁর ইঙ্গিত। তিনি সরাসরি রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিহানি বলেন, “ফ্র্যাঞ্চাইজির মালিক রাজ কুন্দ্রাও এর আগে একটি বেটিং কেসে ধরা পড়েছিলেন। সেই সময় এর জন্য ২ বছরের জন্য গোটা টিমটাই ব্যান করে দেওয়া হয়েছিল।”
এই সব ঘটনা এবং সাম্প্রতিক ম্যাচের হারকে সামনে রেখে জয়দীপ বিহানি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর কাছে গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। আইপিএলের মতো একটি জনপ্রিয় টুর্নামেন্টে সরাসরি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ফের একবার ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিসিসিআই এই অভিযোগের ভিত্তিতে কোনও তদন্ত শুরু করে কিনা, সেটাই এখন দেখার।