বোরখার আড়ালে মদ পাচার! বড়সড় চক্র ফাঁস করলো পুলিশ

বরখার আড়ালে অভিনব কায়দায় মদ পাচার! বাংলা থেকে বিহারে মদ পাচারের এক নতুন কৌশল ফাঁস করল কাটিহার রেল পুলিশ। সাধারণত অ্যাম্বুল্যান্স বা তেলের ট্যাঙ্কারের মতো আড়ালে মদ পাচারের খবর মিললেও, এবার একেবারে বোরখার আড়ালে চলছে এই কারবার। মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিহারে পাচারের পথে TV9 বাংলার হাতে ধরা পড়েছে এই ছবি।

অভিযোগ, মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকা, যা বিহার সীমান্ত ঘেঁষা, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই পাচারের হটস্পট হয়ে উঠেছে। এবার সেই পাচার রুখতে গিয়েই কাটিহার রেল পুলিশের জালে ধরা পড়েছেন এক মহিলা ও এক যুবক। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মদের বোতল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা অত্যন্ত সুচতুরভাবে তাঁর শরীরের বিভিন্ন অংশে মদের বোতল লুকিয়ে রেখেছিলেন। যদিও যুবকের পরিচয় এখনও জানায়নি বিহার পুলিশ, ধৃতদের আসল নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

জানা গেছে, ধৃত মহিলার বাড়ি বিহারের সীমান্তবর্তী এলাকাতেই। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর হয়ে তিনি বিহারের মানিয়া যাচ্ছিলেন, সেখানেই মদ হাতবদলের কথা ছিল। বিহার পুলিশের ধারণা, এর পেছনে একটি বড়সড় পাচার চক্র জড়িত রয়েছে। পুলিশের অভিযোগ, এই চক্রটি মূলত দরিদ্র মহিলাদের টাকার লোভ দেখিয়ে মদ পাচারের কাজে ব্যবহার করছে।