BigNews: হাসপাতালে ভর্তি রাজ্যপাল, হার্টে ব্লকেজ? খবর পেয়েই দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। হার্টে ব্লকেজ ধরা পড়ার পর সোমবার (২১ এপ্রিল) সকালে তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রয়োজন হলে তাঁর অস্ত্রোপচারও করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে এদিনই তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “উনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। আমি দেখতে এসেছিলাম। দেখে এলাম।”

সূত্রের খবর, এদিন সকালে বুকে ব্যথা অনুভব করেন রাজ্যপাল। এরপরেই তাঁকে দ্রুত কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর অসুস্থতার সার্বিক তদারকির জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাজ্যপালকে কলকাতার বাইপাসের ধারে অবস্থিত কোনো বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস গত সপ্তাহেই মালদা ও মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের কিছু এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, যেখানে প্রাণহানি ঘটেছিল ৩ জনের এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন। এই পরিস্থিতিতে রাজ্যপাল বোস সেখানে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব অভিযোগ শোনেন। মুর্শিদাবাদ সফরের মাত্র দুই দিনের মধ্যেই তাঁর আচমকা অসুস্থ হওয়ার ঘটনা প্রকাশ্যে এল।