“বাথরুমের মধ্যেই পড়াশোনা করতে হতো”-ক্লাসে ফার্স্ট হওয়ার সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী

বলিউডের অন্যতম গুণী এবং আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত নিজের অভিনয় জীবনে বহু সফল সিনেমায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন। ‘বীর-জারা’, ‘আজা নাচলে’ সহ বহু ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। শাহরুখ খান, প্রীতি জিনতা থেকে শুরু করে প্রয়াত ইরফান খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি। যদিও প্রধান নায়িকা হিসেবে নয়, পার্শ্বচরিত্রে অনবদ্য অভিনয়ের জন্যই তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি মজার ঘটনা ভাগ করে নিয়েছেন দিব্যা, যা শুনে অনেকেই অবাক হচ্ছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় নাকি তাকে বাথরুমের ভেতরে বসে পড়াশোনা করতে হতো! এর পেছনে ছিল এক অদ্ভুত কারণ।
দিব্যা বলেন, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার। ফলে প্রায়ই বই খুললেই ঘুমিয়ে পড়তেন। মেয়ের এমন অভ্যাস দেখে চিন্তিত হন তার মা। তিনি দিব্যাকে নির্দেশ দেন শুয়ে না থেকে সোজা হয়ে চেয়ারে বসে পড়াশোনা করতে। মায়ের কথা শুনে মজা করেই দিব্যা বলেন, যদি সোজা হয়ে বসেই পড়তে হয়, তাহলে তাকে যেন বাথরুমেই চেয়ার-টেবিল দেওয়া হয়।
দিব্যার মুখে একথা শোনা মাত্রই তার মা কিন্তু সেই ব্যবস্থা করে দেন। অতঃপর, বাথরুমের ভেতরেই চেয়ার-টেবিল নিয়ে পড়তে বসা শুরু করেন দিব্যা। কারণ, সেখানে চাইলেও শুয়ে পড়ার বা ঘুমিয়ে পড়ার সুযোগ ছিল না।
সেই সাক্ষাৎকারে অভিনেত্রী হাসতে হাসতে জানান যে, বাথরুমে পড়াশোনা করার সেই কৌশলটি দারুণ কাজে এসেছিল। মজার ব্যাপার হলো, সেই বছর নাকি তিনি ক্লাসে প্রথম হয়েছিলেন! ছোটবেলার এই ঘটনা মনে পড়লে আজও বেশ মজা পান দিব্যা। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে তিনি একরকম শাস্তি হিসেবেই মেনে নিয়েছিলেন। দিব্যা দত্তের এই মজার শৈশবের গল্প এখন নেটমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে।