OMG! ভেঙে পড়ল হাসপাতালের ছাদের চাঙড়, ভাগ্যের জোরে প্রাণ বাঁচলো রোগীদের

নদিয়ার চাকদহ স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছাদের চাঙড় ভেঙে পড়ে রবিবার রাতে। আকস্মিক এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ালেও, সৌভাগ্যবশত সেই সময় সেখানে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রোগী এবং তাদের পরিজনরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, জরুরি বিভাগে প্রবেশের মুখে একটি চওড়া গলি রয়েছে। এই অংশের ছাদের চাঙড় বেশ কিছুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ঝুলছিল। রবিবার রাতে আচমকা সেটি ভেঙে নিচে পড়ে। বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত নার্স ও ওয়ার্ডবয়রা। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষও দ্রুত সেখানে পৌঁছায়।
চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত এক নার্স জানান, ওই গলিটিতেই সাধারণত রোগীরা বা তাদের আত্মীয়-স্বজনরা অপেক্ষা করেন। অনেক সময় হাসপাতালের কর্মীরাও সেখানে থাকেন। তিনি বলেন, “ভাগ্যিস, ঘটনার সময় ওখানে কেউ ছিল না। নাহলে হয়তো বড়সড় বিপদ ঘটে যেত।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে পড়া চাঙড়ের ইটের টুকরো এবং সিমেন্টের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে। ঘটনার কিছুক্ষণ পরেই হাসপাতালের সাফাই কর্মীরা এসে এলাকাটি পরিষ্কার করেন।
এই ঘটনা সরকারি হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রতিদিন যেখানে হাজার হাজার রোগী আসেন চিকিৎসার জন্য, সেখানে এমন বেহাল দশা কেন, এই প্রশ্ন তুলছেন রোগীদের আত্মীয়-স্বজনরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়নি, যার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের নিরাপত্তা এবং রোগীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।