‘জয় শ্রীরাম’ না বলায় কানপুরে মুসলিম বালককে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়

ওয়াকফ আইনের বিরুদ্ধে যখন বাংলা উত্তাল, মুর্শিদাবাদ থেকে মালদা পর্যন্ত একই ছবি দেখা যাচ্ছে, ঠিক তখনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ‘জয় শ্রীরাম’ (Jai Shri Ram) না বলায় এক মুসলিম (Muslim) বালককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। এমনকি অভিযোগ, ওই বালককে ভাঙা কাচের বোতল দিয়েও আঘাত করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে।
হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে (Uttar Pradesh)। কানপুরের সারসৌল এলাকায় ‘জয় শ্রীরাম’ না বলায় এক বালক মারধরের শিকার হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা গেছে, মহারাজপুর থানার অন্তর্গত সারসৌল এলাকায় কয়েকজন সমবয়সী শিশু ওই বালককে ঘিরে ধরে এবং তাকে তাদের পায়ে হাত দিতে বলে।
পরিবারের অভিযোগ, আক্রান্ত বালকটি যখন অন্যদের পায়ে হাত দিতে অস্বীকার করে, তখন তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়া হয়। কিশোরটি তাতেও রাজি না হওয়ায়, একটি ভাঙা কাচের বোতল দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, আক্রান্ত বালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সব দিক গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে আরও খবর, ঘটনায় অভিযুক্ত শিশুরাও অপ্রাপ্তবয়স্ক। আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেওয়া হবে।
ধর্মের নামে এভাবে একটি শিশুর উপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই তীব্র নিন্দা শুরু হয়েছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় স্বাধীনতা কোথায়, তা নিয়েও বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়েছে।