মাতৃভূমি লোকালের তিনটি কামরা এবার পুরুষদের জন্য, যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া পদক্ষেপ রেলের

বর্তমানে, শিয়ালদহ বিভাগের অধীনে উত্তর, প্রধান ও দক্ষিণ শাখায় মোট ছয় জোড়া মাতৃভূমি ইএমইউ লোকাল ট্রেন চলাচল করছে। এর মধ্যে, দুটি জোড়া শিয়ালদহ প্রধান শাখায় (কৃষ্ণনগর ও রাণাঘাট অভিমুখে), দুটি জোড়া শিয়ালদহ উত্তর শাখায় (বনগাঁ ও বারাসত অভিমুখে) এবং বাকি দুটি জোড়া শিয়ালদহ দক্ষিণ শাখায় (ক্যানিং ও বারুইপুর অভিমুখে) চলছে। পরিকাঠামোগত উন্নতির ফলে, এখন শিয়ালদহের সমস্ত ট্রেন ৯ কোচের পরিবর্তে ১২ কোচের ইএমইউ রেকের মাধ্যমে চালানো হচ্ছে।

মাতৃভূমি লোকাল ট্রেনগুলির গড় যাত্রীসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, প্রায় ৭৫% আসন পূর্ণ থাকছে। এর অর্থ, প্রায় ২৫% আসন খালি থাকছে, যা প্রায় তিনটি কোচের সমান। এই অব্যবহৃত আসনগুলিকে কাজে লাগিয়ে দৈনিক অফিসযাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করার জন্য, শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে মাতৃভূমি লোকাল ট্রেনের তিনটি নির্দিষ্ট কোচ (শিয়ালদহ দিক থেকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কোচ) পুরুষ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদহ বিভাগ একটি অতিরিক্ত মহিলা কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী বর্তমানে সমস্ত ইএমইউ রেকের সাথে অতিরিক্ত মহিলা কোচ যুক্ত করা হয়েছে, যাতে ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের ভিড় সামাল দেওয়া যায়। মহিলা যাত্রীদের জন্য কোচের সংখ্যা বৃদ্ধি এবং মাতৃভূমি ট্রেনে তুলনামূলকভাবে কম ভিড় থাকার কারণে, পুরুষ যাত্রীদের জন্য নির্দিষ্ট তিনটি কোচ খুলে দেওয়ার এই সিদ্ধান্ত যাত্রী চলাচলকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করবে এবং যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ হবে।