বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ‘সৃজিত মুখোপাধ্যায়’..এখন কেমন আছেন?

অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গতকাল রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বুকে যন্ত্রণা এবং মাথা ঘোরা অনুভব করছিলেন তিনি।
পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে, ঠিক কী কারণে এই অসুস্থতা, তা জানার জন্য চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। কতদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সৃজিত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর এমন এক সময়ে এল, যখন তাঁর পরিচালিত নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’ সম্প্রতি পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। এই সাফল্যের মাঝেই পরিচালকের অসুস্থতা তাঁর অনুরাগী ও চলচ্চিত্র জগতের কলাকুশলীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
পরিচালক সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করার কথা জানিয়েছিলেন। এই বছর ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের দুটি ছবি মুক্তি পেয়েছে। জানুয়ারিতে মুক্তি পায় ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, এবং এরপর মুক্তি পায় ‘কিলবিল সোসাইটি’। খুব শীঘ্রই তাঁর ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করার কথা ছিল। এর মাঝেই সৃজিতের অসুস্থতার খবরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।