বক্স অফিসে অক্ষয় কুমারের গর্জন ! ঝড় তুলল ‘কেশরি চ্যাপ্টার ২’, কত হল প্রথম দুই দিনের কালেকশন?

বড়পর্দায় ফের একবার অক্ষয় কুমারের দাপট। মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কেশরি চ্যাপ্টার 2: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ’ এবং প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। করণ সিং ত্যাগী পরিচালিত এই কোর্টরুম ড্রামায় অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে আইনজীবী সি শঙ্করান নাইয়ারের চরিত্রে, যিনি ব্রিটিশরাজের বিরুদ্ধে আইনি লড়াই লড়েছিলেন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে।

ছবির মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির আগে অ্যাডভান্স বুকিং থেকেই এই ছবি ৩ কোটি টাকার বেশি আয় করেছে। প্রায় ৪ হাজার ৪৯৪টি স্ক্রিনে ৫৬ হাজার ৯৬৯টি টিকিট বিক্রি হয়েছে। অ্যাডভান্স বুকিং-এর এই পরিসংখ্যান দেখে আশা করা যাচ্ছে, গত কয়েক বছরের ফ্লপের ধাক্কা কাটিয়ে অক্ষয় কুমার আবারও বক্স অফিসের দখল নিতে সক্ষম হবেন।

স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অক্ষয় কুমারের এই কোর্টরুম ড্রামা ভারতে প্রথম দিনে ৭.৫ কোটি টাকা আয় করেছে। শুক্রবার সিনেমা হলে দর্শক আসার হার ছিল প্রায় ২০ শতাংশ বেশি। দ্বিতীয় দিনের প্রাথমিক হিসেবে ছবির আয় হয়েছে ০.০৯ কোটি টাকা (সম্পূর্ণ রিপোর্ট আসা এখনও বাকি)। প্রথম দিনে মর্নিং শো-তে দর্শক সংখ্যা ছিল ১২.৬৭ শতাংশ, দুপুরে ১৯.৭৬ শতাংশ, সন্ধ্যায় ১৯.৭৬ শতাংশ এবং রাতের শো-তে দর্শক সংখ্যা ছিল ২৭.৮০ শতাংশ।

তথ্য অনুযায়ী, ‘কেশরি চ্যাপ্টার 2’ চলতি বছরে মুক্তি পাওয়া ১০টি ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এই ছবিগুলি হল শাহিদ কাপুরের ‘দেভা’ (৫.৫ কোটি টাকা), কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’ (২.৫ কোটি টাকা), ‘আজাদ’ (১.৫ কোটি টাকা), ‘লাভেয়াপ্পা’ (১.১৫ কোটি টাকা), ‘ফতেহ’ (২.৮ কোটি টাকা), ‘সুপারবয়স অফ মালেগাঁও’ (৫০ লক্ষ টাকা), ‘ক্রেজি’ (১ কোটি টাকা), ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ (১.৫ কোটি টাকা), ‘বাদার্স রবি কুমার’ (২.৭৫ কোটি টাকা) এবং ‘দ্য ডিপ্লোম্যাট’ (৪ কোটি টাকা)। প্রথম দিনের আয়ের নিরিখে এই ছবিগুলির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ‘কেশরি চ্যাপ্টার 2’।

তবে, এই বছর আরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে যা বক্স অফিসে ভালো ব্যবসা করছে। সানি দেওলের ‘জাট’, যা গত ১০ই এপ্রিল মুক্তি পেয়েছে, এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এবং ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে। নির্মাতাদের মতে, ছবিটি প্রথম দিনে ১১.৬ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে, অক্ষয় কুমারের এই বছরের প্রথম ছবি ‘স্কাই ফোর্স’ প্রথম দিনে ১২.২৫ কোটি টাকা আয় করে। সলমন খানের ‘সিকন্দর’-এর প্রথম দিনের আয় ছিল ২৬ কোটি টাকা। এখন দেখার বিষয়, অক্ষয় কুমারের ‘কেশরি চ্যাপ্টার 2’ এই ছবিগুলির রেকর্ড ভাঙতে পারে কি না।