Cyclone: সন্দেশখালিতে ‘টর্নেডো’র তান্ডপ, ক্ষতিগ্রস্ত বহু মানুষ

আচমকা টর্নেডোর হানায় লন্ডভন্ড অবস্থা সন্দেশখালির। হঠাৎই কয়েক সেকেন্ডের তীব্র ঝড়। যার জেরে তছনছ হয়ে গেল কার্যত গোটা গ্রামই। মাত্র ৩০ সেকেন্ডের ওই টর্নেডোয় ভাঙল বহু ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি। বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। আবার কোথাও কোথাও বাড়ির উপর ভেঙে পড়েছে আস্ত গাছ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি সরবেড়িয়া আগারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আছড়ে পড়েছে ওই ঝড়। পুরো গ্রাম লন্ডভন্ড হওয়ার খবর পেয়েই বৃষ্টিমাথায় ঘটনাস্থল পরিদর্শনে যান সন্দেশখালি-১ ব্লক তৃণমূল সভাপতি তথা সন্দেশখালির পর্যবেক্ষক শেখ শাহজান। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। প্রায় ২ হাজারের বেশি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যাবস্থাও করা হয়েছে।