‘হবু জামাইকেই বিয়ে করব, ফিরবেন না সংসারে’ মেয়ের বিয়ের দিন সাফ জানালেন ‘মা’, কিন্তু কেন এই সিদ্ধান্ত?

মেয়ের বিয়ের দশ দিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন এক প্রৌঢ়া। অবশেষে সেই বিয়ের তারিখেই তিনি হবু জামাইয়ের সঙ্গে থানায় এসে সাফ জানালেন, তিনি রাহুলকেই বিয়ে করবেন এবং আর কোনওভাবেই নিজের পরিবারে ফিরতে চান না। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বপ্না (নাম পরিবর্তিত) নামক ওই প্রৌঢ়া ১৬ই এপ্রিল তার হবু জামাই রাহুলের সঙ্গে থানায় আসেন। পুলিশকে তিনি জানান, রাহুলকে বিয়ে করে তার সঙ্গেই বাকি জীবন কাটাতে চান। শ্বশুরবাড়ির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে আগ্রহী নন তিনি। স্বপ্না পুলিশকে জানিয়েছেন, তার স্বামী নিয়মিত মদ্যপান করে তাকে বেধড়ক মারধর করতেন। এমনকি তার মেয়েও তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত এবং কটু কথা বলত। এই চরম তিক্ততা থেকেই তিনি সংসার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

উত্তরপ্রদেশের আলিগড়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। হবু জামাইয়ের সঙ্গে কনের মায়ের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছিল। গত ৬ই এপ্রিল তারা দুজনে নিরুদ্দেশ হন। এরপর কনের পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তাদের অভিযোগ ছিল, মেয়ের বিয়ের জন্য রাখা লক্ষ লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না নিয়ে স্বপ্না তার হবু জামাই রাহুলের সঙ্গে পালিয়ে গেছেন।

অবশেষে ১৬ই এপ্রিল, অর্থাৎ মেয়ের বিয়ের দিনেই স্বপ্না এবং রাহুল গ্রামে ফিরে আসেন এবং সরাসরি থানায় যান। অন্যদিকে, রাহুল পুলিশকে জানিয়েছেন, স্বপ্না তাকে আত্মহত্যার হুমকি দিয়ে দেখা করতে বলেছিলেন। এরপরই তারা পালিয়ে যান। স্বপ্নাকে বিয়ে করতেও তার কোনো আপত্তি নেই বলে জানান রাহুল। এই সম্পর্কের বিষয়ে প্রাথমিকভাবে আপত্তি থাকলেও, পরে কনের পরিবার সম্ভবত তা মেনে নিয়েছে। তবে তাদের একমাত্র দাবি, স্বপ্না যে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে গিয়েছিলেন, তা যেন ফেরত দেওয়া হয়। অন্যথায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।