ফুসফুস শুকিয়ে মরছে সুন্দরবনের সিলিকোসিস আক্রান্তরা, পাচ্ছে না কোন সরকারি পরিষেবা !

পেটের দায়ে রাজ্য ছেড়ে ঝাড়খণ্ড ও বিহারের পাথর খাদানে কাজ করতে গিয়ে মারণ রোগ সিলিকোসিসে আক্রান্ত সুন্দরবনের বহু পরিবার। উত্তর ২৪ পরগনা জেলার প্রত্যন্ত গোয়ালদহ গ্রামের এই মানুষগুলোর শরীরে পাথরের সূক্ষ্ম ধূলিকণা প্রবেশ করে তিলে তিলে তাদের ফুসফুস শুকিয়ে দিচ্ছে। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৩০-৩৫ হলেও, বেসরকারি মতে এই সংখ্যা শতাধিক।
সিলিকোসিসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শুরু হলেও, মৃত্যুর আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। কারণ এই রোগের তেমন কোনো কার্যকরী চিকিৎসা নেই। গ্রামবাসীরা নিজেরাই এখন লক্ষণ দেখে বলে দিতে পারেন, কার আয়ু আর কতদিন! আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ, সরকারি সুযোগ-সুবিধা থাকার কথা বলা হলেও, তেমন কোনো পরিষেবা তারা পাচ্ছেন না।
সিলিকোসিস আক্রান্ত শ্রমিক সংগঠনের সম্পাদক শহিদুল পাইক জানান, আক্রান্ত প্রায় ৩০ জন ২ লক্ষ টাকা করে অনুদান পেলেও, মাসিক পেনশন বা নতুন করে আক্রান্তদের চিহ্নিত করার কোনো উদ্যোগ নেই।
২০০৯ সালে আয়লা ঝড়ে সুন্দরবন লন্ডভন্ড হয়ে যাওয়ার পর জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে সংসারের ভরণপোষণের জন্য গোয়ালদহ গ্রামের বহু মানুষ কাজের সন্ধানে আসানসোল, অন্ডাল ও জামুরিয়ার পাথর খাদান এবং সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে যান। ক্রাশার মেশিনে পাথর গুঁড়ো করার সময় শ্বাস-প্রশ্বাসের সঙ্গে দূষিত বাতাস তাদের ফুসফুসে প্রবেশ করে। এর ফলে কয়েক মাসের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। এই মারণ রোগে আক্রান্ত পরিবারের সদস্যরা সংসার চালাতে গিয়ে মানসিক অবসাদে ভুগছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো এই মানুষগুলোর জীবন রক্ষা করা যেত। এখন তারা ধুঁকছেন, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের পরিবারেও নেমে এসেছে চরম আর্থিক সংকট ও হতাশা। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় সমাজকর্মীরা।