ওয়াকফ শুনানি: বাংলার অশান্তি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, স্থগিতাদেশ জারি হয়নি

ওয়াকফ সম্পত্তির শুনানি চলাকালীন বাংলার বিভিন্ন প্রান্তে ওয়াকফ আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া অশান্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ বুধবারের শুনানিতে এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আদালতে যখন বিষয়টি বিচারাধীন, সেই সময় এই ধরনের হিংসার ঘটনা অবাঞ্ছনীয় এবং উদ্বেগজনক। এরকমটা হওয়া একেবারেই কাম্য নয়।” একই সুরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “তারা ভাবছে অশান্তির মাধ্যমে তারা সিস্টেমের উপর চাপ তৈরি করবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে মালদা, মুর্শিদাবাদ, হুগলি এবং ভাঙড়ের মতো বেশ কয়েকটি জেলায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় ৫০০টির বেশি পরিবার ঘরছাড়া হয়েছে এবং স্থানীয় সূত্রে খবর, তারা নদী পেরিয়ে মালদার একটি সরকারি স্কুলে তৈরি হওয়া অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। সোমবার ভাঙড়েও অশান্তির ছবি দেখা যায়। পুলিশ সূত্রে খবর, এই অস্থিরতার জেরে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, শুক্রবার মুখ্যমন্ত্রী নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, শীর্ষ আদালতে এদিন ওয়াকফ মামলার শুনানি পর্ব শেষ হয়েছে। একাধিক পক্ষ ওয়াকফ সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন জানালেও, এদিন সেই স্থগিতাদেশ জারি করা হয়নি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আগামীকাল ফের এই মামলার শুনানি করবে। ওয়াকফ সমস্যা সমাধানে শীর্ষ আদালতের পদক্ষেপের দিকেই এখন সকলের নজর।