ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড, সচিন-সানির পর ‘হিটম্যান’!

ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংবদন্তি ক্রিকেটারদের নামে স্ট্যান্ডের নামকরণের ঐতিহ্য অব্যাহত। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতীয় টেস্ট ও একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার নাম। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) মঙ্গলবার তাদের ৮৬তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

দিবেচা প্যাভিলিয়নের লেভেল ৩-এর নামকরণ করা হবে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’। এর ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকার, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাসকর এবং বিজয় মার্চেন্টের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন রোহিত।

শুধু রোহিত শর্মাই নন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকর এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারের নামেও ওয়াংখেড়েতে নতুন স্ট্যান্ডের নামকরণ করা হবে। গ্র্যান্ড স্ট্যান্ডের লেভেল ৩-এর নামকরণ হবে শরদ পাওয়ারের নামে এবং গ্র্যান্ড স্ট্যান্ডের লেভেল ৪ পরিচিত হবে অজিত ওয়াদেকরের নামে।

এমসিএ সভাপতি অজিঙ্ক নায়ক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, “মুম্বই ক্রিকেটের কিংবদন্তিদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানানোর জন্যই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য আরও দৃঢ় হবে।”

২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে রোহিত শর্মার। ২০২২ সালে তিনি ভারতীয় দলের অধিনায়ক হন। তাঁর নেতৃত্বেই ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এই বছরের মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। রোহিত মুম্বইয়ের হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৭টি একদিনের ম্যাচ এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামে স্ট্যান্ড তৈরি হওয়ায় মুম্বই তথা ভারতীয় ক্রিকেটমহলে আনন্দের ঢেউ উঠেছে।