রাজকোটে পরপর কয়েকটি বাইক-স্কুটি পিষে দিল বাস, পথের বলি তিন !

রাজকোটের ব্যস্ত ইন্দিরা সার্কেল জংশনে বুধবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল ১০টা নাগাদ একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকটি বাইক ও স্কুটিকে ধাক্কা মারে এবং পথচারীদের গড়িয়ে দেয় বাসের চাকা। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, ট্র্যাফিক সিগন্যালের মাঝেই দ্রুতগতিতে একটি বাস এসে কয়েকটি দু’চাকাকে পিষে দেয় এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের উপর দিয়েও বাস চলে যায়। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে, মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বাসটি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা বাসটিকে ঘিরে ধরে এবং তাতে ব্যাপক ভাঙচুর চালায়। স্থানীয়রা দুর্ঘটনার জন্য বাস চালকের বেপরোয়া গতি এবং অদক্ষতাকেই দায়ী করেছেন।
➡️રાજકોટમાં સીટી બસચાલકે સર્જયો અકસ્માત
➡️એકસાથે પાંચથી છ વાહનોને લીધા અડફેટે, અકસ્માતમાં 3 લોકોના મોત નીપજ્યા#Rajkot #accident pic.twitter.com/Ax13EYXZG1
— DD News Gujarati (@DDNewsGujarati) April 16, 2025
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত জানতে চালকের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় বাসিন্দারা আরও নিরাপদ ট্র্যাফিক ব্যবস্থার দাবি তুলেছেন।
এই দুর্ঘটনা আবারও শহরের ব্যস্ত রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ এবং সঠিক ট্রাফিক নিয়ম প্রয়োগের জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনে দিল।