দাম্পত্য কলহের চরম পরিণতি! মায়ের গর্ভেই প্রাণ গেল শিশুর, গর্ভবতী স্ত্রীকে খুন

দাম্পত্য কলহের জেরে মর্মান্তিক পরিণতি হল এক অন্তঃসত্ত্বা নারীর এবং তার অনাগত সন্তানের। বিশাখাপত্তনমে ২৭ বছর বয়সী অনুষা নামের এক মহিলাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মায়ের সঙ্গেই গর্ভস্থ শিশুটিও পৃথিবীর আলো দেখার আগেই চিরতরে বিদায় নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুষা ও তার স্বামী জ্ঞানেশ্বরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা চলছিল। ঝগড়ার এক পর্যায়ে জ্ঞানেশ্বর রাগের বশে অনুষার গলা টিপে ধরেন। শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান অনুষা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অভিযুক্ত স্বামী জ্ঞানেশ্বর নিজেই স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, অনুষা ও জ্ঞানেশ্বরের এক বছর আগে প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছিল। তবে, বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়শই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত জ্ঞানেশ্বরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। এক বছরের বিবাহিত জীবনে এমন মর্মান্তিক পরিণতি এবং একটি অনাগত শিশুর জীবন কেড়ে নেওয়ায় হতবাক অনুষার পরিবার ও প্রতিবেশীরা।