“জেতার সময় জিতবে, আর দাঙ্গা হলে রাস্তায় বেরবে না”, কংগ্রেসকে আক্রমন মমতার

গত শুক্রবার থেকে মুর্শিদাবাদে দফায় দফায় অশান্তির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শতাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সামসেরগঞ্জ, ধুলিয়ানের আকাশে এখনও পোড়া গন্ধ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে ‘প্ররোচনা’র অভিযোগ তুলে সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুললেন।
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা মুর্শিদাবাদের (লোকসভা) আসনের আওতায় নয়, মালদহের (লোকসভা) আসনের অধীনে। ওটা কংগ্রেসের জেতা আসন।”
উল্লেখ্য, মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী। আর মুর্শিদাবাদের ধুলিয়ান ওই কেন্দ্রের অধীনে।
কংগ্রেসের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “জেতার সময় জিতবে, আর দাঙ্গা হলে রাস্তায় বেরবে না, এটা আশা করি না। কিছু ঘটলে জন প্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে।” ওই অশান্তির মাঝে তৃণমূলের তিন বিধায়কের বাড়িতে হামলা হয়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত, তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হত না। পার্টি অফিসও ভাঙা হত না।”