১৭ জন চিকিৎসক-বিশেষজ্ঞও ফেল, ৪ বছরের শিশুর বিরল রোগ ধরিয়ে দিল ChatGPT, অবাক সকলে

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আশীর্বাদ নাকি অভিশাপ, এই বিতর্ক দীর্ঘদিনের। তবে এবার এআই এমন এক কাজ করে দেখাল, যা বহু অভিজ্ঞ চিকিৎসকও করতে পারেননি। চার বছর বয়সের এক শিশুর বিরল রোগ নির্ভুলভাবে চিহ্নিত করল ওপেনএআই-এর তৈরি চ্যাটবট চ্যাটজিপিটি। শিশুটির মা এর আগে বহু বিশেষজ্ঞের পরামর্শ নিলেও, কেউই সঠিক রোগ নির্ণয় করতে পারেননি।

করোনাকালে জন্ম নেওয়া অ্যালেক্স নামক ওই শিশুটির দাঁত ওঠার সময় থেকেই অস্বাভাবিক ব্যথা শুরু হয়। তার দাঁতের বৃদ্ধিও ছিল ধীর এবং এমনকি ভারসাম্য রাখতেও সমস্যা হচ্ছিল। ছেলের এই সমস্যা নিয়ে তার মা কোর্টনি কমপক্ষে ১৭ জন চিকিৎসক ও বিশেষজ্ঞের কাছে যান, কিন্তু কেউই অ্যালেক্সের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারেননি।

ধীরে ধীরে অ্যালেক্সের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, হতাশ হয়ে একদিন কোর্টনি চ্যাটজিপিটির সাহায্য নেন। তিনি অ্যালেক্সের সমস্ত উপসর্গ এবং এমআরআই রিপোর্ট চ্যাটবটে আপলোড করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটজিপিটি উত্তর দেয়, অ্যালেক্স টেদার্থ কর্ড সিনড্রোমে আক্রান্ত হয়েছে।

টেডার্থ কর্ড সিনড্রোম একটি বিরল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যা স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের পাশে থাকা টিস্যুর স্বাভাবিক নড়াচড়াকে সীমিত করে দেয়। চ্যাটজিপিটির দেওয়া এই উত্তর পেয়ে কোর্টনি অনলাইন সাপোর্ট কমিউনিটিতেও একই বিষয়ে প্রশ্ন করেন। সেখানে তিনি জানতে পারেন যে শিশুদের মধ্যে সত্যিই এই ধরনের বিরল রোগ দেখা যায়।

এরপর কোর্টনি একজন নিউরোসার্জনকে দেখালে, তিনিও চ্যাটজিপিটির নির্ণয় করা রোগটিকেই সঠিক বলে নিশ্চিত করেন। অ্যালেক্সের সফল স্পাইনাল সার্জারি করা হয়েছে এবং বর্তমানে সে দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে।

যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা রোগ নির্ণয় করতে পারছিলেন না, সেখানে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলের নির্ভুল রোগ নির্ণয় সকলকে অবাক করে দিয়েছে। অনেকেই এখন চিকিৎসাক্ষেত্রে এআই-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছেন। তবে চিকিৎসকদের একাংশের মতে, চ্যাটজিপিটির মতো এআই টুল রোগ নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক হলেও, তা কখনওই একজন অভিজ্ঞ চিকিৎসকের জ্ঞান ও দক্ষতাকে প্রতিস্থাপন করতে পারে না। এআই এক্ষেত্রে একটি মূল্যবান সাহায্যকারী হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চিকিৎসার ভার চিকিৎসকদের হাতেই থাকা উচিত।