গাড়ির একেবারে ভিতরে ঢুকে গেলো বাইক! ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে জামশেদপুর-বোকারো ১৮ নম্বর জাতীয় সড়কের কাছে আন্ডারপাস সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুটু মাঝি ও রূপালি মাঝি নামে ওই দম্পতি বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় পুরুলিয়ার দিক থেকে আসা একটি চারচাকার সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, দম্পতি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই দ্রুত পুলিশে খবর দেন। বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দম্পতির বাড়ি বাঘমুন্ডি থানার পাড়ডি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর থেকে চারচাকার চালকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুর্ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিম আনসারি জানান, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাইকটি চারচাকার একেবারে ভেতরে ঢুকে গিয়েছিল। তিনি আরও বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে এবং জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতক চালকের সন্ধান চালাচ্ছে।