ফের মঞ্চে রূপমের ‘একক’ সাক্ষী থাকুন আরও একবার, কবে-কোথায় বসবে গানের আসর?

রূপম ইসলামের জনপ্রিয় মিউজিক কনসার্ট ‘একক’-এর সাক্ষী থাকার সুযোগ আবারও আসছে। আগামী ১৯ এপ্রিল, জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। এই সন্ধ্যায় রূপম সেই গানগুলি পরিবেশন করবেন, যা সাধারণত তাঁর নিয়মিত কনসার্টে শোনা যায় না। একইসঙ্গে, এই অনুষ্ঠানে প্রকাশিত হবে তাঁর গান সংকলনের দ্বিতীয় খণ্ড—‘গান সমগ্র ২’।

এবারের রূপমের এই জনপ্রিয় কনসার্টের নামকরণ করা হয়েছে ‘খাস একক’। শিল্পী রূপম ইসলাম এই প্রসঙ্গে জানান, “৬০তম ‘একক’ অনেক অর্থেই ‘খাস’। ১২ বছর একটা যুগের সমান। সেই হিসেবে ১২ বছর ধরে মূলত অপরিচিত গান গাওয়ার একটা বিকল্প মঞ্চ তৈরি করতে পেরেছি, যা ফসিলস-এর আকাশছোঁয়া জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়েছে—এবং প্রতিটি ‘একক’ পূর্ণ প্রেক্ষাগৃহের সম্মান পেয়েছে, এটা নিজেই একটা বিশেষ ব্যাপার। এই উদযাপনকে আরও স্মরণীয় করে রাখতে আমি এমন কিছু পরিকল্পনা নিয়েছি যা সচরাচর ‘একক’-এ দেখা যায় না। অন্যদিকে, আনন্দ পাবলিশার্স আমার সমস্ত গান খণ্ডে খণ্ডে ‘সমগ্র’ করে প্রকাশ করছে। এই ‘গান সমগ্র’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ পাবে এই বিশেষ দিনে। এই প্রথমবার এমন একটা ‘একক’ হতে চলেছে। একটি জনপ্রিয় প্রসাধন প্রস্তুতকারী সংস্থা এই অনুষ্ঠানের ব্র্যান্ড সহযোগী হিসেবে রয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালের ২৫ জানুয়ারি, রূপম ইসলামের ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতাকে নিয়ে এক ঘরোয়া পরিসরে শুরু হয়েছিল ‘একক’। সেই অনুষ্ঠান আজ কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ লাইভ কনসার্টে পরিণত হয়েছে। রূপম ইসলামের এই অনুষ্ঠান তার নিজস্বতা এবং গভীরতার জন্য অসংখ্য সঙ্গীতপ্রেমীর মন জয় করেছে। এই কনসার্টে শিল্পী মঞ্চে সম্পূর্ণ একা থাকেন এবং গিটার, কিবোর্ড, ইউকুলেলে ও হারমোনিকার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সঙ্গীতের এক আত্মিক বন্ধন তৈরি করেন।

এক যুগের এই যাত্রায় ‘একক’ এখন এক সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে, এমনটা বলাই যায়। এমনকি ‘একক’-এর নানা দিক নিয়ে একটি সংগ্রহগ্রন্থও এর আগে প্রকাশিত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বিশেষ শ্রোতা গোষ্ঠী তৈরি হয়েছে, যাঁরা নিজেদের ‘এককপন্থী’ বলে পরিচয় দেন। গত ১২ বছরে ৬০টি ‘একক’ অনুষ্ঠান প্রমাণ করে, রূপম ইসলামের ‘একক’ তাঁর অনুরাগীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। প্রেম ও বিরহ, অবিচার ও প্রতিরোধ, বিশ্বাস ও ভণ্ডামি, বৃহত্তর কিছুর জন্য সংগ্রাম—এই বিষয়গুলি গানের মাধ্যমে ‘একক’-এর পরিবেশনায় জীবন্ত হয়ে ওঠে। এটি কেবল একটি কনসার্ট-সিরিজ নয়, বরং অনুভূতির এক মিলনক্ষেত্র।

২০১৩ সালের ২৫ মে, আইসিসিআর অডিটোরিয়ামে তাঁর দ্বিতীয় একক কনসার্টে ‘কলকাতা ক্লাসিক্যাল গিটার সোসাইটি’র প্রতিষ্ঠাতা অভীক সাহা এগিয়ে এসে ঘোষণা করেছিলেন, “বিপ্লব এসে গিয়েছে।” এমনকি লকডাউনের সময়ও ‘একক’-এর জয়যাত্রা থেমে থাকেনি। তাঁর নিবেদিতপ্রাণ অনুরাগীদের অনুরোধে বারবার অনলাইন ‘একক’-এর আয়োজন করা হয়েছিল। সেই সময় তাঁর নিজের থাকার ঘরই স্টুডিওতে রূপান্তরিত হয়েছিল। ইন্টারনেট মাধ্যমে লক্ষ লক্ষ অনুরাগীর সঙ্গে যুক্ত থাকেন রূপম।

কিছু উল্লেখযোগ্য ‘একক’-এর মধ্যে রয়েছে—‘অপ্রকাশিত গানের সন্ধ্যা’ (৩ অগাস্ট ২০১৪, বিড়লা অ্যাকাডেমি), ‘রূপম ইসলাম একক’ (১৭ জুন ২০১৮, নজরুল মঞ্চ), ‘রূপম ইসলাম একক’ (৭ মার্চ ২০১৯, ত্রিগুণা সেন অডিটোরিয়াম), ‘রূপম ইসলাম একক’ (২১ ফেব্রুয়ারি ২০২০, জিডি বিড়লা সভাঘর), ‘রূপম ইসলাম একক’ (১৫ জুলাই ২০২২, উত্তম মঞ্চ), ‘নীলাভ এক নিদ্রাবন্দর’ (১৪ ডিসেম্বর ২০২৪, কেসিসি অডিটোরিয়াম)। আর এবার অনুষ্ঠিত হতে চলেছে ‘খাস একক’।

এই ‘খাস একক’-এই প্রকাশিত হবে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ‘গান সমগ্র ২’, যা রূপম ইসলামের পূর্ণাঙ্গ গান সম্ভারের দ্বিতীয় খণ্ড। একশোটি নির্বাচিত গান নিয়ে গঠিত এই সংকলন তাঁর বহুমাত্রিক সঙ্গীত জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরবে। বিদ্রোহী রক থেকে শুরু করে হৃদয়স্পর্শী অ্যাকুস্টিক সুর—প্রতিটি সৃষ্টিই সঙ্গীতকারের জীবনের একেকটি মুহূর্ত, একেকটি সত্য, যা শব্দ ও সুরের স্পর্শে জীবন্ত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়েছে।