“আমি আর দিদি আজ নতুন শাড়ি পরেছি”- বাংলা নববর্ষ নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট

প্রবাদ আছে, ভাগ করে নিলে আনন্দ বাড়ে। তাই হয়তো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেও সুন্দর করে সাজিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাংলা নববর্ষের দিনটিও ব্যতিক্রম নয়। আর পাঁচজনের মতো এই দিনটি তার জীবনেও বহন করে আনে কিছু মিষ্টি স্মৃতি, যা তিনি সযত্নে হৃদয়ে লালন করেন।
পয়লা বৈশাখের সকালে সোশ্যাল মিডিয়ায় একটি আন্তরিক পোস্ট শেয়ার করেছেন স্বস্তিকা। সেই ছবিতে দেখা যাচ্ছে তার সঙ্গে রয়েছেন পরিবারের কাছের মানুষেরা। নতুন শাড়ির স্নিগ্ধ গন্ধে অভিনেত্রীর মনে ভেসে উঠেছে তার ছোটবেলার সোনালী দিনগুলো। আজ বাবা-মা কেউই পৃথিবীতে নেই, তবুও বিশেষ এই দিনটিতে বারবার তাদের স্মৃতি ভিড় করে আসে।
স্বস্তিকা তার পোস্টে লিখেছেন, ‘ছোটবেলায় মা দেশপ্রিয় পার্কের দোকান থেকে এমব্রয়ডারি করা টেপ ফ্রক, ইমিটেশনের দুল, চুড়ি, চুলের ক্লিপ এই সব কিনে দিত। মধ্যবিত্ত পরিবারের এই ছোট ছোট সুখেই সুখী মানুষ আমরা। তাই সেই ঐতিহ্যকে আপন করে আমি আর দিদি আজ নতুন শাড়ি পরেছি।’
পয়লা বৈশাখের আরও একটি ব্যক্তিগত স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। তার বাবা এই দিনটিকে মজার ছলে বলতেন ‘একলা বৈশাখ’। অভিনেত্রীর ভাষায়, ‘বাবা একলা বৈশাখ বললেও, আপনাদের সঙ্গে নিয়ে বৈশাখ তো আর একলা নয়। আমি, দিদি, শিব-সাবিত্রী এবং আপনাদের সবাইকে জানাই নতুন বাংলা বছর ১৪৩২-এর অনেক শুভেচ্ছা। শুভ হোক, আলো হোক।’
স্বস্তিকার এই পোস্টটি তার অনুরাগীদের মধ্যে উষ্ণ সাড়া ফেলেছে। অনেকেই অভিনেত্রীর আন্তরিকতা এবং স্মৃতিচারণায় নিজেদের ছোটবেলার নববর্ষের আনন্দ খুঁজে পাচ্ছেন। নতুন শাড়ির গন্ধ, মায়ের হাতের কেনা সামান্য উপহার – এই ছোট ছোট স্মৃতিগুলোই যে আসলে জীবনের অমূল্য সম্পদ, তা যেন আরও একবার মনে করিয়ে দিলেন স্বস্তিকা মুখার্জি।