OMG! “তিনতলা সমান উঁচু থেকে সোজা আছড়ে পড়লো মাটিতে”-নববর্ষের আগের রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা

নববর্ষের ঠিক আগের রাতেই চরম বিপত্তি ঘটল বাঁকুড়ার ওন্দা থানার খামাড়বেড়িয়া গ্রামে। চড়ক ভাঙার সময় গাজনের মেলায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ভক্ত। চড়কের তিনতলা সমান উঁচু কাঠামো থেকে ছিটকে পড়েন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খামাড়বেড়িয়া গ্রামে শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে প্রতি বছর বিশাল মেলা বসে। চড়ক ঘোরা এই মেলার প্রধান আকর্ষণ। গতকাল চড়ক পুজোর পর যখন চড়ক ঘোরানোর পর্ব চলছিল, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। বহু প্রাচীন প্রথা অনুযায়ী, চড়কে পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভক্তদের ঘোরানোর সময় আচমকা চড়কের উপরের লিগা চরকি ভেঙে যায়। এর ফলে তার সঙ্গে বাঁধা বাঁশসহ ভক্তরা সজোরে নীচে মাটিতে আছড়ে পড়েন। উপরে থাকা এক ভক্ত ছিটকে দূরে পড়েন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই ভক্ত। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ স্তম্ভিত হয়ে যান। চড়ক সংক্রান্তির উৎসবে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।