পয়লা বৈশাখেও রাজনৈতিক সুর শুভেন্দুর, ‘হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগালাম’

পয়লা বৈশাখের সকালেও রাজনৈতিক ময়দান ছাড়তে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুকে নববর্ষের প্রভাতী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এরপর শহরের বর্গভীমা মন্দিরে পুজো দেন। সেখান থেকে বেরিয়ে শুভেন্দুবাবু রাজ্যের ‘হাল ফেরানোর’ বার্তা দেন।
শুভেন্দু অধিকারী বলেন, “মায়ের আশীর্বাদে এখান থেকে আমি ২ বারের সংসদ। এখানে অনেক সেবার কাজ করার সুযোগ আমি পেয়েছি। সবাই মন্দিরে হালখাতা পুজো করতে নিয়ে যাচ্ছেন। আমি হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম।”
এদিন সকালে তমলুকের চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রায় হাঁটতে হাঁটতে শুভেন্দু অধিকারী শশাঙ্কের বঙ্গের ইতিহাস উল্লেখ করেন। একই সঙ্গে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার কথা মনে করিয়ে তিনি বলেন, “ঘরে ঢুকে ঢুকে কেটেছে। আর বলে গিয়েছে পরের পরবে জবাই করবে।”
পয়লা বৈশাখের মতো একটি শুভ দিনেও শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়ায়।