অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, বিশাখাপত্তনমে নৃশংস কাণ্ড স্বামীর

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ভালোবেসে বিয়ে করা অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত জ্ঞানেশ্বর নামক ওই ব্যক্তি পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে অনুষা ও জ্ঞানেশ্বর ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রেমের পরিণতি এমন নৃশংস হবে, তা স্থানীয়রা বিশ্বাস করতে পারছেন না। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে সামান্য অশান্তি লেগে থাকত, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ে। এর মাঝেই অনুষা অন্তঃসত্ত্বা হন। দুই পরিবার ভেবেছিল, সন্তানের আগমনে হয়তো তাদের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।
কয়েক সপ্তাহ পরেই অনুষার সন্তান প্রসবের দিন ছিল। কিন্তু তার আগেই জ্ঞানেশ্বর চরম নৃশংসতার পরিচয় দেন। দাম্পত্য কলহের জেরে তিনি শ্বাসরোধ করে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করেন।
জ্ঞানেশ্বর স্ক্যাপসের সাগর নগর ভিউপয়েন্টের কাছে একটি ফাস্ট-ফুডের দোকান চালান। ঘটনার দিন স্ত্রীকে খুনের পর দেহ ঘরে ফেলে রেখে নিজের দোকানে চলে যান তিনি। পরিবারের সদস্যরা যখন ঘরে অনুষাকে অচেতন অবস্থায় দেখেন, তখন তাঁরা জ্ঞানেশ্বরকে খবর দেওয়ার কথা বলেন। জ্ঞানেশ্বরের বন্ধু-বান্ধবরা দ্রুত গিয়ে তাঁকে খবর দেয়। এরপর সকলে মিলে অনুষাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের কাছে জ্ঞানেশ্বর নিজেই খুনের কথা স্বীকার করেছেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে। অনুষার মা ও পরিবারের সদস্যরা জ্ঞানেশ্বরের কঠোরতম শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে আর কোনও মহিলাকে এমন পরিণতি বরণ করতে না হয়।