১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত টলিউডের, নস্টালজিয়ায় ভাসছেন তারকারা

আজ বাঙালির নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের নতুন পাতা উন্মোচিত হল। ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে শুরু হল নতুন বছর। সকাল থেকেই চলছে নববর্ষের শুভেচ্ছা বিনিময়। এই বিশেষ দিনটি টলিউডের তারকারা কীভাবে উদযাপন করছেন? কতটা বাঙালিয়ানায় ভরে উঠছে তাঁদের স্মৃতির পাতা?
অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের মন আজও ছুটে যায় উত্তর কলকাতার অলিগলিতে। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “নববর্ষের সকালটা শুরু হতো, পাড়ার প্রভাতফেরি দিয়ে। জল খাবারে থাকত লুচি। একটু বেলায় বাবার সঙ্গে কিছু বিখ্যাত পাবলিকেশন কোম্পানিতে যেতাম। তখনকার সময় সেখানে অনুষ্ঠান হতো। তারপর সন্ধেতে হালখাতা। অল্প ভেজাল মিষ্টি আর বিস্বাদ শরবতেই তখন মন ভরত। এখন এসব নস্টালজিয়ার পাতায়। নিয়ম মেনে এখন শুধু জমিয়ে বাঙালি খাবার খাওয়া হয়।”
অভিনেত্রী ইশা সাহা এদিন ডায়েট ভুলে মন দেন ভোজনরসিকতায়। তাঁর কথায়, “পয়লা বৈশাখে খাওয়াদাওয়াটা মাস্ট। তারপর একটু বেশি এক্সারসাইজ করে নিই। আর সারা বছর নতুন জামা কিনলেও এদিন নতুন জামা পরার রেশটা এখনও রয়েছে। ছোটবেলায় মায়ের সঙ্গে হালখাতায় যেতাম আর মিষ্টির প্যাকেটগুলো বাড়িতে এনে গুনতাম ক’টা পছন্দের মিষ্টি পেলাম। এখন কাজের মধ্যেই কাটে দিনটা। তবে ঠিক করেছি শুটিংয়ে আজ বাঙালি খাবার খাব।”
স্মৃতির পাতা ওল্টাতে গিয়ে অভিনেত্রী দেবলীনা কুমার বলেন, “পয়লা বৈশাখ মানে ছোটবেলায় কয়েকদিন আগে থেকে উত্তেজনা থাকত। নাচের অনুষ্ঠানের রিহার্সাল শুরু হত। বছরের অন্যান্য দিন অনেক রকমারি পোশাক কিনলেও এদিন সুতির ফ্রক পড়তাম ছোটবেলায়। এখনও সেই ট্রেন্ড মেনে সুতির শাড়ি পরি।”
এভাবেই টলিউডের তারকারা তাঁদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করছেন এবং বাঙালি ঐতিহ্যের প্রতি নিজেদের ভালোবাসার কথা জানাচ্ছেন। কাজের ফাঁকেও তাঁরা চেষ্টা করছেন আজকের দিনটিকে আপন করে নিতে, বাঙালি সংস্কৃতির রঙে রাঙিয়ে তুলতে।