নয়া শিক্ষা নীতির বিরোধিতা, হার্ভার্ডের ২২০ কোটি ডলারের সাহায্য বন্ধ করল মার্কিন প্রশাসন

ক্ষমতা ফিরে পাওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার মার্কিন মুলুকের নয়া শিক্ষা নীতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নয়া নীতির বিরোধিতা করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি ডলারের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন।
জানা গিয়েছে, শুধু আর্থিক সাহায্য বন্ধ করাই নয়, হার্ভার্ডের সঙ্গে সরকারের কয়েক কোটি ডলারের চুক্তিও স্থগিত রাখা হয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ হার্ভার্ড সহ গোটা শিক্ষাঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইহুদি-বিদ্বেষ বাড়ছে। এই বিদ্বেষ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কী কী পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে সরকার স্পষ্ট নির্দেশিকা জারি করেছিল।
সূত্রের খবর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সরকারের এই নয়া নীতির বিরোধিতা করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাফ জানানো হয়, সরকারের এই নিয়ম মানা মানে শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের সঙ্গে আপোস করা। ট্রাম্প প্রশাসন আগেই জানিয়েছিল, যারা এই নীতি মানবে না, তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হবে। হার্ভার্ড বিরোধিতা করায় তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর।
এই ঘটনায় মার্কিন শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন, সরকারের এই পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের শামিল। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের সমর্থকরা বলছেন, দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের এই ধরনের কঠোর পদক্ষেপ জরুরি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরকারের সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।